ঢাকা মহানগর উত্তর বিএনপির সদস্য সচিব মোস্তফা জামান বলেছেন, দীর্ঘ ১৭ বছর স্বৈরাচার আওয়ামী লীগ সরকার রাষ্ট্র পরিচালনা করেছে। এ সময় আমি ও আমার দলের প্রতিটি নেতাকর্মী কঠিন দুঃসময় পার করেছি। কেউ কারাগারে, কেউ রাজপথে। দিনের পর দিন পরিবারের সঙ্গে যোগাযোগ রাখতে পারিনি। পরিবারের সবাই ভয়ে-আতঙ্কে দিন কাটানোর দিনগুলো এখনো চোখের সামনে ভেসে ওঠে। এখন দলের সুসময়। আর এই সুসময় অনেকেই আপনাদের কাছে আসতে চাইবে। কিন্তু আপনারা সাবধান হয়ে যান। সুসময়ের পাখি বেশি দিন থাকে না।
গতকাল বুধবার বেলা ১১টায় রাজধানীর আদাবর ১২ নম্বর রোড শেখেরটেক বিএনপির সদস্য ফরম বিতরণ ও নবায়ন কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমিনুল হক।
মোস্তফা জামান বলেন, দুঃসময়ের যারা মাঠে-ঘাটে কাজ করেছেন আমরা তাদের চিনি। তাড়া শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শের সৈনিক, তাদের আমরা পুরস্কৃত করব। কিন্তু যারা সুসময়ের পাখিদের আমন্ত্রণ জানাচ্ছেন তাদের মনে করিয়ে দিয়ে বলতে চাই। আপনারা সাবধান হয়ে যান। দুঃসময় কাটিয়ে সুসময়ের লোকদের সুযোগ করে দিলে আপনারাই পিছিয়ে পড়বেন। ক্ষতিগ্রস্ত হবে দল। তাই যারা দুঃসময় দলের জন্য কাজ করেছে তাদের মূল্যায়ন করুন।
