সুনামগঞ্জের টাঙ্গুয়ায় হাওরে ঘুরতে এসে গাঁজা সেবন ও উচ্ছৃঙ্খল আচরণের অভিযোগে ৫ জন পর্যটককে কারাদণ্ড ও অর্থদণ্ড দিয়েছে উপজেলা প্রশাসন। বুধবার (২৫ জুন) রাতে জেলার মধ্যনগর এলাকার হাওর থেকে ৫ জন পর্যটককে আটক করা হয়।
জানা যায়, সুনামগঞ্জের টাঙ্গুয়ার হাওরের ঘুরতে এসেছিল কয়েকজন পর্যটক। এসময় হাওরের একটি পর্যটকবাহী হাউসবোটে মধ্যনগর এলাকায় গাঁজা সেবন করে উচ্ছৃঙ্খল আচরণ করেন তারা। পরে খবর পেয়ে অভিযানে নামেন মধ্যনগর উপজেলা নির্বাহী কর্মকর্তার নেতৃত্বে প্রশাসন।
এ সময় অভিযান চালিয়ে ৫ পর্যটককে আটক করা হয়। পরে মাদক সেবন ও সংরক্ষণের দায়ে তাদের ৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড ও ৫০ টাকা অর্থদণ্ড দেন নির্বাহী মাজিস্ট্রেট ও মধ্যনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা উজ্জ্বল রায়।
দণ্ডিতরা হলেন- ইশাক হোসেন শান্ত, আনাফ রাজিন, আহমেদ মাহফুজ, নাসির হোসাইন, তাহসিন আহমেদ।
বিষয়টি নিশ্চিত করেছেন মধ্যনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) উজ্জল রায়। তিনি জানান, হাওরে ঘুরতে এসে গাঁজা সেবন করে উচ্ছৃঙ্খল আচরণ করায় ৫ পর্যটককে কারাদণ্ড দেওয়া হয়েছে। হাওর এলাকায় ভ্রমণরত কেউ আইন লঙ্ঘন করলে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে।
