ময়মনসিংহ শিক্ষা বোর্ডের অধীনে জেলার ঈশ্বরগঞ্জ উপজেলায় এবারের উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমানের পরীক্ষার প্রথম দিনে ৩৮ জন শিক্ষার্থী অনুপস্থিত ছিল।
বৃহস্পতিবার (২৬ জুন) দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো. আশরাফুল ইসলাম।
উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার প্রথম দিনে বাংলা প্রথমপত্রের পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। সকাল ১০টায় ঈশ্বরগঞ্জ উপজেলায় অনুষ্ঠিতব্য এইচএসসি পরীক্ষা মোট ৫টি কেন্দ্রে অনুষ্ঠিত হয়। এর মধ্যে এইচএসসি পরীক্ষার ১৪১৯ জন শিক্ষার্থীর মধ্যে অনুপস্থিত ছিল ১৮ জন। আলিম পরীক্ষার ২৮৯ জনের মধ্যে ১২ জন, কারিগরি (বিএম) পরীক্ষার ৬৩৪ জনের মধ্যে ৮ জন অনুপস্থিত ছিল। সবমিলিয়ে মোট ২৩৪২ জন পরীক্ষার্থীর মধ্যে প্রথমদিনে ৩৮ জন শিক্ষার্থী অনুপস্থিত ছিল।
জানা যায়, প্রথম দিনের বাংলা ১ম পত্র পরীক্ষা চলাকালীন কোনো প্রকার অপ্রীতিকর ঘটনা ঘটেনি। ফলে কোনো পরীক্ষার্থী এদিন বহিষ্কার হয়নি। তাছাড়া উপজেলা প্রশাসনের কর্তৃক পরীক্ষা কেন্দ্রের নির্দিষ্ট দূরত্বে ১৪৪ ধারা জারি ছিল।
এ বিষয়ে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো. আশরাফুল ইসলাম বলেন, শিক্ষার্থীরা নির্বিঘ্নে ও নকলমুক্ত পরিবেশে পরীক্ষায় অংশগ্রহণ করে। নানা কারণে প্রথম দিনের পরীক্ষায় মোট ৩৮ জন পরীক্ষার্থী অনুপস্থিত ছিল।
