ক্যাম্পাস সংস্কার ও রাকসু নির্বাচনের দাবিতে রাবিতে শিবিরের বিক্ষোভ

আপডেট : ২৬ জুন ২০২৫, ০৮:৫৫ পিএম

রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) ক্যাম্পাস সংস্কার ও কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু) নির্বাচনের সুনির্দিষ্ট তারিখ ঘোষণার দাবিতে বিক্ষোভ সমাবেশ করেছে শাখা ইসলামী ছাত্রশিবির। বৃহস্পতিবার (২৬ জুন) সন্ধ্যা ৬টায় বিশ্ববিদ্যালয়ের শহীদ বুদ্ধিজীবী স্মৃতি ফলক চত্বরে এই কর্মসূচি অনুষ্ঠিত হয়।

এদিন বিকেল সাড়ে ৫টায় নেতাকর্মীরা বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনার চত্বরে সমবেত হন। সেখান থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে ক্যাম্পাসের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে মিছিলটি শহীদ বুদ্ধিজীবী স্মৃতিফলকের সামনে এসে সংক্ষিপ্ত সমাবেশে মিলিত হয়।

সমাবেশে শাখা ইসলামী ছাত্রশিবিরের সভাপতি মোস্তাকুর রহমান জাহিদ বলেন, ‘গত একত্রিশ বছর ধরে ক্যাম্পাসে রাকসু নির্বাচনের মত একটা সম্মানজনক ছাত্র সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয় নাই। বর্তমান প্রশাসন শুধু কথা দেওয়ার রাজনীতি করছে। যত কথাই বর্তমান প্রশাসন দিয়েছে তার একটাও তারা বাস্তবায়ন করতে পারেনি। আমরা প্রশাসনকে বলতে চাই আপনারা আওয়ামী লীগের মতো কথা দেওয়ার সংস্কৃতি বন্ধ করেন।’

তিনি আরও বলেন, ‘একটা প্রচ্ছন্ন শক্তি রাকসু নির্বাচনে বাধা দিচ্ছে। এরা কোনো নির্দিষ্ট দলের বা মতের নয়। ক্যাম্পাসে এমনও শিক্ষক রয়েছে যারা চায় না তাদের পাশে এসে ছাত্ররা বসুক। এজন্য তারা রাকসু নির্বাচন থেকে বিরত থাকতে চায়। তাদেরকে আমরা চিনে রাখছি। রাকসু নির্বাচন যদি না হয় তাহলে তাদের বিরুদ্ধে আমরা ব্যবস্থা গ্রহণ করবো।’

বর্তমান প্রশাসন তাদের দায়িত্ব পালনে ব্যর্থ হয়েছে বলে মন্তব্য করে ছাত্রশিবিরের সেক্রিটারি মুজাহিদ ফয়সাল বলেন, ‘ছাত্রশিবিরসহ বিভিন্ন ছাত্রসংগঠন ক্যাম্পাসের সমস্যা চিহ্নিত করে সমস্যা সমাধানে বিশ্ববিদ্যালয় প্রশাসনকে স্মারকলিপি দিয়েছে। প্রশাসন সেগুলো আমলে তো নেয়নি, উল্টো তারা তাদের দায়িত্ব পালনে ব্যর্থ হয়েছে। ২৪-এর জুলাইয়ের পর শিক্ষার্থীদের ম্যান্ডেট নিয়ে বর্তমান প্রশাসন দায়িত্ব গ্রহণ করেছিল। কিন্তু আওয়ামী লীগ আমলের সোবহান ও তাপু প্রশাসনের সঙ্গে এই প্রশাসনের কোনো পার্থক্য খুঁজে পাচ্ছি না।’

বিশ্ববিদ্যালয় প্রশাসনকে হুঁশিয়ারি দিয়ে রাজশাহী মহানগর ছাত্রশিবিরের সেক্রেটারি জেনারেল ইমরান নাজির বলেন, ‘আপনারা জুলাই বিপ্লব-পরবর্তী প্রশাসন। ফ্যাসিস্টদের সরিয়ে আমরাই আপনাদের এই চেয়ারে বসিয়েছি। আপনারা দুই হাজার শহীদের রক্তের ওপর বসে আছেন। কিন্তু আপনাদের আচরণ সেই ফ্যাসিস্ট প্রশাসনের মতোই লক্ষ্য করা যাচ্ছে। আমরা চাই আপনারা ছাত্রবান্ধব প্রশাসন হন। এটা না হলে ছাত্ররা ফ্যাসিস্টদের যেভাবে সরিয়েছে, আপনাদের সরাতে দুবার ভাববে না।’

সমাবেশে আরও বক্তব্য দেন দপ্তর সম্পাদক হাফেজ মেহেদী হাসান, বায়তুল-মাল সম্পাদক মুজাহিদুল ইসলাম প্রমুখ।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত