দেশে আগামী বছরের ফেব্রুয়ারিতে যে নির্বাচন হতে যাচ্ছে, তাতে স্বস্তি প্রকাশ করেছেন ঢাকার ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূত মাইকেল মিলার। গতকাল বৃহস্পতিবার সকালে গুলশানে বিএনপি চেয়ারপারসন রাজনৈতিক কার্যালয়ে দলটির প্রতিনিধিদলের সঙ্গে বৈঠক শেষে এ কথা জানান বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী।
আমীর খসরু বলেন, ‘সবার আগে নির্বাচন নিয়ে আলোচনা হয়েছে। আগামী বছরের ফেব্রুয়ারিতে দেশে সংসদ নির্বাচন হতে যাচ্ছে। এ নিয়ে তাদের মধ্যে স্বস্তি আছে, সন্তুষ্টি আছে। আমরা দ্রুত নির্বাচনের দিকে এগিয়ে যাব এবং দেশ গণতান্ত্রিক প্রক্রিয়ায় ফিরে যাবে। অনেক কিছু নির্ভর করছে গণতান্ত্রিক সরকারের ওপর। কারণ তারা তাদের কর্মপরিকল্পনা নেবেন সরকারের সঙ্গে আলোচনা করে। নির্বাচিত সরকারের সঙ্গে সবাই স্বস্তিবোধ করে কাজ করতে।’ তিনি বলেন, ‘বিচার বিভাগের স্বচ্ছতা নিশ্চিতের বিষয় নিয়ে আলোচনা হয়েছে। বিচার বিভাগের স্বাধীনতার বিষয়টি বিএনপি গুরুত্বের সঙ্গে দেখছে। বিএনপি বিচার বিভাগের স্বাধীনতা চায়। বিএনপি যে সংস্কার প্রস্তাব দিয়েছে, তার মধ্যে বিষয়টি রয়েছে। বিচার বিভাগের নিজস্ব সচিবালয় প্রয়োজন। এজন্য তারা সহযোগিতা করতে চায়। সংসদ কার্যক্রম গতিশীলের জন্য সহযোগিতা করতে চায়। সংসদ কার্যক্রমের মধ্যে চেক অ্যান্ড ব্যালান্স। বিগত দিনে এ নিয়ে চর্চা হয়নি। যে কারণে সংসদ গতিশীল ছিল না। শ্রমিকদের সমস্যা নিয়েও তার সঙ্গে আলোচনা হয়েছে।’
খসরু বলেন, বাংলাদেশের উন্নয়নের জন্য সহযোগিতা করতে চায়। ঋণ ও অনুদানের বাইরে বিভিন্ন সেক্টরে সহযোগিতা করতে চায়। আগামী দিনে বাংলাদেশের উন্নয়ন অংশীদার হতে চায় ইইউ।
‘দুবারের বেশি কেউ প্রধানমন্ত্রী হতে পারবেন না’ ঐকমত্য কমিশনে এ নিয়ে যে আলোচনা চলছে, সে বিষয়ে এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘বিএনপি এর সঙ্গে একমত। আট বছর আগে বিএনপি যে সংস্কার প্রস্তাব দিয়েছে, তার মধ্যে বিষয়টি রয়েছে। এখন যারা এ বিষয়ে কথা বলছেন, তাদের আগেই বিএনপির দেওয়া সংস্কার প্রস্তাবে বিষয়টি উল্লেখ করা হয়েছে।
বৈঠকে আমীর খসরু মাহমুদ চৌধুরী ছাড়াও উপস্থিত ছিলেন বিএনপির সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ।
