ছাড় দিয়ে ঐকমত্যে না আসলে নির্বাচন সুষ্ঠু হবে না: গোলাম পরওয়ার

আপডেট : ২৭ জুন ২০২৫, ০৬:৪৯ পিএম

জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার বলেছেন, দুর্ভাগ্যজনকভাবে কোনো কোনো ইস্যুতে আমরা কেউ কেউ দেশের চেয়ে দলীয় স্বার্থকে বেশি গুরুত্ব দিয়ে ফেলছি। অথচ যারা এটা করি তারাই আবার জনগণের কাছে বলি ব্যক্তির চেয়ে দল বড় দলের চেয়ে দেশ বড়। কিন্তু এখন হয়ে গেছে দেশের চেয়ে দল বড় দলের চেয়ে ব্যক্তি বড়। আমরা আশা করবো সকল রাজনৈতিক দল ছোটখাটো ছাড় দিয়ে হলেও ঐকমত্যে আসে। অন্যথায় এই নির্বাচন সুষ্ঠু হবে না।

শুক্রবার বিকালে শহরের আমলাপাড়া এলাকার হোসিয়ার অ্যাসোসিয়েশন ভবনের তৃতীয় তলায় নারায়ণগঞ্জ মহানগর জামায়াতে ইসলামীর থানা মজলিসে শুরা সদস্য সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মিয়া গোলাম পরওয়ার বলেন, প্রধান নির্বাচন কমিশনার এবং প্রধান উপদেষ্টার কাছে আমাদের আবেদন থাকবে আপনি জাতির কাছে নিরপেক্ষ নির্বাচনের ওয়াদা করেছেন। আপনার উপদেষ্টা পরিষদে যারা আছে তাদের সম্পর্কে পরিষ্কার অ্যানালাইসিস থাকা প্রয়োজন। অনেকেই অনেক বুদ্ধি দিচ্ছে কোনো কোনো বুদ্ধিতে আপনি ঝুঁকে পড়ছেন কিনা সেটা সাবধান থাকতে হবে। কিছু ব্যক্তি আপনাকে ভুল তথ্য দিয়ে যেন মিসগাইড করতে না পারে। প্রধান নির্বাচন কমিশনার যদি নিরপেক্ষতা হারিয়ে কোনো দিকে বিশেষভাবে ঝুঁকে পড়ে তাহলে এ জাতির সকল স্বপ্ন ব্যর্থ হয়ে যাবে।

তিনি বলেন, হাজার হাজার জীবন দান, রক্তদান নতুন বাংলাদেশের স্বপ্ন ভূলুণ্ঠিত হয়ে যাবে। আবার যদি কেন্দ্র দখল কেন্দ্রে ভোটারদের যেতে না দেওয়া, রাতে ভোট হয়ে যাওয়া মাস্তান পেশিশক্তি দিয়ে সন্ত্রাস সৃষ্টি করা সামাল দিতে না পারলে জাতির সামনে মহাদুর্যোগ অপেক্ষা করছে।

তিনি আরও বলেন, জামায়াতে ইসলামী সবসময় নির্বাচনমুখী দল। আমরা বাংলাদেশের সকল গ্রহণযোগ্য নির্বাচনে অংশগ্রহণ করেছি। সকল সংসদ নির্বাচিত হয়ে প্রতিনিধিত্ব করেছি। এই নির্বাচনে আমরা অংশগ্রহণ করবো। আমাদের নির্বাচনী প্রক্রিয়ার সকল প্রস্তুতিতে এগিয়ে যাচ্ছি। আমরা জাতীয় ঐক্যের আলামত দেখতে পাচ্ছি। ঐক্যবদ্ধ রাজনৈতিক পরিস্থিতি তৈরি করে আমরা বৈষম্যহীন নিরাপদ মানবিক ইনসাফপূর্ণ বাংলাদেশ যেন প্রতিষ্ঠিত করতে পারি।

নারায়ণগঞ্জ মহানগর জামায়াতে ইসলামীর আমির মাওলানা আবদুল জব্বারের সভাপতিত্বে সম্মেলনে বিশেষ অতিথি ছিলেন জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য সাইফুল আলম খান মিলন। জামায়াতে ইসলামী কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য অ্যাডভোকেট মতিউর রহমান আকন্দ ও কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য মাওলানা মঈন উদ্দিন আহমাদ।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত