কর্তৃপক্ষের অবহেলায় ১৭ শিক্ষার্থী এইচএসসি পরীক্ষা দিতে না পারায় এবং দেশ রূপান্তরে সংবাদ প্রকাশের পর জামালপুরে প্রশান্তি আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজের কার্যক্রম বন্ধ করে দিয়েছে শিক্ষাবোর্ড।
শুক্রবার (২৭ জুন) সকাল থেকে ময়মনসিংহ শিক্ষাবোর্ডের একটি দল প্রশান্তি আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজে তদন্ত করে। দুপুর পর্যন্ত তদন্ত শেষে কলেজের অনুমোদন না থাকায় ওই শিক্ষা প্রতিষ্ঠান বন্ধের সিদ্ধান্ত নেওয়া হয়।
ময়মনসিংহ শিক্ষা বোর্ডের ৬ সদস্যের একটি দল এ তদন্ত করেন। এ সময় জেলা-উপজেলার শিক্ষা কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এর আগে বৃহস্পতিবার (২৬ জুন) ‘প্রতিষ্ঠানের অবহেলায় পরীক্ষায় দিতে পারলেন না ১৭ শিক্ষার্থী’ এ শিরোনামে দেশ রূপান্তরে সংবাদ প্রকাশ হয়। এরপরই বিষয়টি কর্তৃপক্ষের নজরে আসে।
তদন্ত শেষে ময়মনসিংহ শিক্ষা বোর্ডের ডেপুটি কন্ট্রোলার জানায়, প্রশান্তি আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ অনুমোদন ছাড়াই দীর্ঘদিন যাবৎ মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক বিভাগে পাঠদান করে আসছিল। তাই আজ থেকে প্রতিষ্ঠানটির প্রাথমিক ছাড়া মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পর্যায়ের সকল বিভাগের কার্যক্রম বন্ধের নির্দেশ দেন তারা। এছাড়াও অভিযোগের সত্যতার পাওয়ায় প্রতিষ্ঠানের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ ও ১৭ শিক্ষার্থীর পরীক্ষার বিষয়ে বোর্ড সিদ্ধান্ত নেবে বলে জানিয়েছেন তিনি।
এ বিষয়ে ময়মনসিংহ মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের ডেপুটি কন্ট্রোলার ড. কামাল হাসান বলেন, প্রশান্তি স্কুল অ্যান্ড কলেজের অনুমোদনই নেই। এটা অনুমোদনবিহীন একটা কলেজ। এ কলেজে ছাত্র ভর্তি সংক্রান্ত কোনো কার্যক্রম চলতে পারে না। এই কলেজের অধ্যক্ষের কাছে জেনেছি, তার সঙ্গে কথা বলেছি। তার দায়-দায়িত্ব পুরোটাই সে স্বীকার করে নিয়েছেন। এ ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণে বোর্ডের চেয়ারম্যানের পরামর্শে পরবর্তীতে সিদ্ধান্ত গ্রহণ করা হবে। এ প্রতিষ্ঠান বন্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে।
