নিস্তেলরয়কে বরখাস্ত করলো লেস্টার, নতুন কোচ হতে পারে শন ডাইচ

আপডেট : ২৭ জুন ২০২৫, ০৮:১৬ পিএম

শেষ পর্যন্ত আনুষ্ঠানিকভাবে বিদায় নিলেন রুড ফন নিস্তেলরয়। প্রায় দুই মাস আগে প্রিমিয়ার লিগ থেকে অবনমন নিশ্চিত হওয়ার পরও ডাচ কোচের ভবিষ্যৎ নিয়ে গড়িমসি করে চলছিল লেস্টার সিটি। অবশেষে দুই পক্ষের ‘পারস্পরিক সম্মতিতে’ বিচ্ছেদ ঘটল।

৪৮ বছর বয়সী নিস্তেলরয়ের অধীনে গত মৌসুমে লেস্টার খেলেছিল ২৭ ম্যাচ, যার মধ্যে হেরেছে ১৯টিতে, জয় কেবল ৫টিতে। লিগের শেষ পাঁচ ম্যাচ বাকি থাকতে অবনমন নিশ্চিত হলেও কোচ হিসেবে মৌসুমের শেষ পর্যন্ত দায়িত্বে ছিলেন সাবেক পিএসভি ও ম্যানচেস্টার ইউনাইটেড তারকা।

নিস্তেলরয়ের বিদায় নিয়ে অসন্তুষ্ট লেস্টারের সাবেক স্ট্রাইকার ম্যাট ফ্রায়াট বলেছিলেন, 'এই বিদায়ের ধরনটা বিস্ময়কর ও বিশৃঙ্খল।'

ভক্তদের অনেকের মতেও প্রশ্ন, মৌসুম শেষ হওয়ার এক মাস পর এত দেরিতে কেন এ সিদ্ধান্ত? বিশ্লেষকদের মতে, ইংল্যান্ডের নতুন প্রফিট অ্যান্ড সাস্টেইনেবিলিটি রুলস অর্থবছর শুরু হবে ১ জুলাই থেকে। তার আগে কোচ ছাঁটাইয়ের খরচ এড়াতেই হয়ত সিদ্ধান্ত পেছানো হয়েছিল।

গত মৌসুমের পরিসংখ্যানও নিস্তেলরয়ের পক্ষে যায় না। লেস্টার ছিল পয়েন্ট টেবিলের ১৮ নম্বরে। অবনমন ঠেকাতে পারেনি ১৩ পয়েন্ট ব্যবধান। ঘরের মাঠে টানা ৯ ম্যাচে গোলহীন হার—ইংলিশ টপ ফ্লাইটে এই প্রথম। ডিসেম্বর থেকে এপ্রিল পর্যন্ত পাঁচ মাসের বেশি সময় কাটিয়েছে অবনমন অঞ্চলে।

লেস্টারের নতুন কোচ হিসেবে সবচেয়ে জোরালো নামটি হচ্ছে শন ডাইচ। এর আগে এভারটন ও বার্নলিকে প্রিমিয়ার লিগে ধরে রাখার অভিজ্ঞতা রয়েছে তার। তবে এখনো আনুষ্ঠানিক ঘোষণা আসেনি। আপাতত প্রাক-মৌসুম অনুশীলন শুরু করবেন দলের সহকারী কোচদের তত্ত্বাবধানে।

আগামী ১০ আগস্ট চ্যাম্পিয়নশিপ মৌসুম শুরু করবে লেস্টার, তাদের প্রথম ম্যাচ শেফিল্ড ওয়েন্সডের বিপক্ষে। এর আগেই নতুন কোচ নিশ্চিত করতে চায় ক্লাবটি।

কোচের চেয়ার ছাড়াও লেস্টার সিটির সামনে আরেকটি বড় ঝুঁকি—আর্থিক অনিয়মের অভিযোগে পয়েন্ট কাটার সম্ভাবনা। ইংলিশ ফুটবল লিগ (EFL) ইতোমধ্যে লেস্টারের বিরুদ্ধে আর্থিক বিধিভঙ্গের অভিযোগ এনেছে, যার শুনানি এখনো বাকি।

বিদায়ের পর নিস্তেলরয় বলেন, 'লেস্টার সিটির খেলোয়াড়, কোচ, একাডেমি ও স্টাফদের সবাইকে ধন্যবাদ জানাই তাদের পেশাদারিত্ব ও সহায়তার জন্য। ক্লাবের ভবিষ্যতের জন্য শুভকামনা রইল।'

গত এক বছরে এটি লেস্টারের চতুর্থ ম্যানেজার খোঁজার প্রক্রিয়া। এনজো মারেস্কার অধীনে চ্যাম্পিয়নশিপ জয়ের পর তিনি যোগ দেন চেলসিতে। এরপর দায়িত্ব পান স্টিভ কুপার, যিনি ১৫ ম্যাচে মাত্র ৩ জয় পেয়ে বরখাস্ত হন। তার স্থলাভিষিক্ত হন ভ্যান নিস্তেলরয়, এবার তাকেও সরিয়ে আবার শুরু নতুন কোচের খোঁজ।

আবারো কোচ বদলের এই দৌড় আর অব্যবস্থাপনা—লেস্টার কি তবে পথ হারিয়ে ফেলছে? নাকি নতুন মুখেই মিলবে মুক্তির আশা?

শুধু সময়ই দিতে পারে উত্তর।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত