পিএসজির বিরুদ্ধে 'মানসিক হয়রানির' অভিযোগ এমবাপ্পের

আপডেট : ২৭ জুন ২০২৫, ০৭:৪৭ পিএম

পিএসজি ছেড়ে রিয়াল মাদ্রিদে এক মৌসুম খেলে ফেলেছেন কিলিয়ান এমবাপ্পে। ফরাসি এই ফরোয়ার্ড এখন লস ব্লাঙ্কোসদের সঙ্গেই আছেন ক্লাব বিশ্বকাপে। কিন্তু এখনও রিয়ালের হয়ে টুর্নামেন্টে নামা হয়নি তার। এমবাপ্পে অসুস্থ ছিলেন। সুস্থ হয়ে অনুশীলনে ফিরেছেন। তবে এমবাপ্পে আলোচনায় এলেন ভিন্ন কারণে। এমবাপ্পে পিএসজির বিরুদ্ধে মানসিক হয়রানির অভিযোগ করেছেন। প্যারিসের প্রসিকিউটর অফিস বিষয়টি নিশ্চিত করেছে।

পিএসজিতে বকেয়া বেতন-ভাতা নিয়ে ক্লাবটির সঙ্গে আইনি লড়াই চলছে এমবাপ্পের। এমবাপ্পের অভিযোগ, পিএসজির কাছে এখনো বেতন বকেয়া আছে তার। সেই অর্থের অঙ্কটা ৫৫ মিলিয়ন ইউরো।

বেতন বকেয়া ছাড়াও দলে থাকতে তাকে গুরুত্ব না দেওয়ার বিষয়টিও তুলে ধরেছেন এমবাপ্পে। তিনি জানিয়েছেন, ২০২৩-২৪ মৌসুমের আগে চুক্তি নবায়ন না করার সিদ্ধান্ত জানানোর পর তাকে স্কোয়াড থেকে বিচ্ছিন্ন করে রাখা হয়েছিল।

বিশ্বকাপ জয়ী এই তারকার দাবি, চুক্তির সময় যেসব প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল, তা আর রাখেনি পিএসজি। ফলে ২০২৩ সালের জুনে এমবাপে জানিয়ে দেন, তিনি ২০২৪ সালে মেয়াদ শেষে চুক্তি নবায়ন করবেন না। পিএসজিতে ৭ বছরে ২৫৬ গোল করে ক্লাবের ইতিহাসের সর্বোচ্চ গোলদাতা হওয়া এমবাপ্পে গত গ্রীষ্মে ফ্রি এজেন্ট হিসেবে যোগ দেন রিয়াল মাদ্রিদে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত