৬ উইকেট খুঁইয়ে ইনিংস হারের শঙ্কা নিয়ে দিন শেষ করলো বাংলাদেশ

আপডেট : ২৭ জুন ২০২৫, ০৬:১৩ পিএম

কলম্বো টেস্টের দ্বিতীয় ইনিংসে দলীয় ১০০ রান তুলতেই ৫ উইকেট হারায় বাংলাদেশ। ওখানেই শেষ নয়। তৃতীয় দিন শেষে বাংলাদেশ দ্বিতীয় ইনিংসে করেছে ৬ উইকেটে ১১৫ রান। তাতে শঙ্কা দেখা দিয়েছে ইনিংস হারের। প্রথম ইনিংসে বাংলাদেশের ২৪৭ রানের জবাবে স্বাগতিক শ্রীলঙ্কা অলআউট হয় ৪৫৮ রানে।

২১১ রানে পিছিয়ে থেকে দ্বিতীয় ইনিংস শুরু করা বাংলাদেশ দলীয় ৩১ রানে দুই ওপেনারকে হারায়। এনামুল বিজয় করেন ১৯ আর সাদমান ফেরেন ১২ রানে। এরপর মুমিনুল ও শান্ত ধাক্কা সামলানোর চেষ্টা করেন।

তবে মুমিনুল ১৫ ও শান্ত আউট হন ১৯ রানে। দলীয় ৭০ রানে চার উইকেট হারানো বাংলাদেশের হাল ধরেন গল টেস্টে ভালো খেলা অভিজ্ঞ মুশফিকুর রহিম। তবে দলীয় ১০০ রানে মুশফিককে ফেরান প্রবাথ জয়াসুরিয়া। ৫৩ বলে ২৬ রান করেন মুশফিক।

মুশফিক ফেরার পর মিরাজ নামেন। ইনিংসের ৩৯তম ওভারের চতুর্থ বলে মিরাজকে এলবিডব্লিউর ফাঁদে ফেলেন থারিন্দু। তাতে বাংলাদেশের স্কোর পরিণত হয় ১১৫/৬ -এ।

এরপর দিনের খেলা শেষ করেন দুই আম্পায়ার। বাংলাদেশ দ্বিতীয় ইনিংসে এখনও ৯৬ রানে পিছিয়ে। বাকি ৪ উইকেটে চতুর্থ দিনে বাংলাদেশ ইনিংস হার এড়াতে পারে কি না সেটিই দেখার।

 

 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত