অন্তর্বর্তী সরকার ৮ আগস্ট ‘নতুন বাংলাদেশ দিবস’ পালন করলে সারা বাংলাদেশে ‘বিপ্লব বেহাত দিবস’ পালন করবে বলে ঘোষণা করেছে ইনকিলাব মঞ্চ। তাছাড়া, জুলাই সনদ আদায়ে আগামী মঙ্গলবার (১ জুলাই) শাহবাগ থেকে মানিক মিয়া এভিনিউ পর্যন্ত ‘লাল মার্চ’ কর্মসূচিও ঘোষণা করেছে জুলাই গণঅভ্যুত্থান ভিত্তিক প্লাটফর্মটি।
শুক্রবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) মধুর ক্যান্টিনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান বিন হাদি।
ওসমান হাদি বলেন, জুলাই চূড়ান্তভাবে বেহাত হয়েছে ৮ আগস্ট। ৮ আগস্ট সরকার নতুন বাংলাদেশ দিবস করতে পারবে না। ৩৬ জুলাই অর্থাৎ ৫ আগস্টের পরে আর কোনো দিবস থাকবে না। ৮ আগস্ট নতুন বাংলাদেশ দিবস পালনের বিষয়ে যদি সরকার অনড় থাকে তাহলে আমরা এই দিন প্রত্যেকটি ডিসি অফিস, উপজেলা অফিস এবং সচিবালয়ে গিয়ে বিপ্লব বেহাত দিবস পালন করবো।
তিনি বলেন, আমরা জাতীয় সরকার করতে পারতাম। কিন্তু কোনো কোনো উপদেষ্টা এজেন্সির মাধ্যমে আমাদের শহীদ মিনার, শাহবাগ থেকে ডেকে নিয়ে শপথ করালো? রাষ্ট্রপতি চুপ্পুর অধীনে নতুন সরকারের শপথ করালো? তাদেরকে এক্সপোজ করতে হবে। তাদের কারণেই ৮ আগস্ট আমাদের বিপ্লব বেহাত হয়েছে।
হাদি আরও বলেন, জুলাই সনদ আদায়ে আমরা আগামী ১ জুলাই লাল মার্চ করবো। শাহবাগ থেকে মানিক মিয়া অ্যাভিনিউ পর্যন্ত এই লাল মার্চ’-এ জুলাই শহীদ পরিবার ও আহতরা অংশ নেবে।
দাবি আদায় না হলে আন্দোলন চলমান থাকবে। এসময় ১৬ জুলাইকে শহীদ আবু সাঈদ দিবস না করে সেটি সর্বজনীন শহীদ দিবস হিসেবে ঘোষণারও দাবি তোলেন ইনকিলাব মঞ্চের মুখপাত্র।
হাদি বলেন, এই সরকারকে প্রথম প্রধান গুরুত্ব দিতে হবে জুলাই শহীদ পরিবার ও আহতদের মতামতের। কারণ রাষ্ট্র সংস্কার প্রশ্নে ইউনূস সরকার শুধু রাজনৈতিক দলের প্রতি দায়বদ্ধ নয়, প্রতিটি শহীদ পরিবার ও আহতদের কাছে দায়বদ্ধ।
