সখীপুরে তদবিরপ্রবণ নেতাদের কড়া বার্তা দিয়েছেন বিএনপির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট আহমেদ আযম খান। তিনি বলেছেন, কেউ তদবির করতে চাইলে আগে তার পদ আমার কাছে জমা দিয়ে তারপর পথে নামবেন।
আজ শুক্রবার পবিত্র হজ পালন শেষে বিকেলে সখীপুর ডাকবাংলো প্রাঙ্গণে দলীয় নেতাকর্মী ও এলাকাবাসীর সঙ্গে ঈদ শুভেচ্ছা বিনিময়ের সময় এ সতর্কবার্তা দেন তিনি।
আহমেদ আযম খান বলেন, “এখন সখীপুরে অনেকে তদবিরে লেগে গেছেন—থানা, ইউএনও, এসিল্যান্ড অফিস, এমনকি ঢাকাতেও ছুটছেন। আমি আগেই বলে দিচ্ছি, এসব বন্ধ করুন। তদবির করতে চাইলে আগে নিজের পদটা আমার কাছে দিয়ে যান, তারপর দেখব কতদূর যেতে পারেন।”
তিনি আরও বলেন, “যিনি পদে আছেন, তিনি নির্বাচনের আগ পর্যন্ত কোথাও তদবির করতে পারবেন না। বিশেষ করে থানায় কেউ গেলে আমি যেন না শুনি। আজই আমি ওসি সাহেবকে বলে দেব, যেন কেউ তদবির নিয়ে থানায় না যায়।”
ঈদ শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে সখীপুর উপজেলা বিএনপির সভাপতি বীর মুক্তিযোদ্ধা শাহজাহান সাজু, সাধারণ সম্পাদক আ. বাছেদ মাস্টার, সাবেক সভাপতি খোরশেদ আলম মাষ্টার, আমজাদ হোসেন মাষ্টার, বিআরডিবির চেয়ারম্যান ফরহাদ ইকবাল, সাংগঠনিক সম্পাদক সিকদার মু. সবুর রেজা, পৌর বিএনপির সাধারণ সম্পাদক মীর আবুল হাশেম, যুবদল নেতা নাসির উদ্দিন আহমেদসহ বিএনপি ও অঙ্গসংগঠনের অন্যান্য স্থানীয় নেতারা উপস্থিত ছিলেন।
সরকারের পদক্ষেপে মব অনেক কমেছে: স্বরাষ্ট্র উপদেষ্টা