ক্লাব বিশ্বকাপের নকআউট পর্ব শুরু হচ্ছে আজ শনিবার থেকে। শেষ ষোলোতে আজ আছে দুটি ম্যাচ। একটিতে মুখোমুখি হবে অল ব্রাজিলিয়ান ক্লাব তো আরেকটিতে অল ইউরোপিয়ান ক্লাব। বাংলাদেশ সময় রাত ১০টায় ফিলাডেলফিয়ায় মুখোমুখি হবে পালমেইরাস ও বোটাফোগো। রাত ২টায় শুরু হবে বেনফিকা-চেলসির ম্যাচটি।
ক্লাব বিশ্বকাপে পালমেইরাস ‘এ’ গ্রুপের শীর্ষে থেকে শেষ ষোলোতে ওঠে। ‘বি’ গ্রুপে দ্বিতীয় হয়ে শেষ ষোলোতে ওঠে বোটাফোগো। মুখোমুখি লড়াইয়ে এগিয়ে আছে পালমেইরাস। ৫২ ম্যাচের ২৩টি জিতেছে পালমেইরাস। ১৬টিতে জয় বোটাফোগোর। বাকি ১৩টি ড্র হয়। গেল মার্চে ব্রাজিলিয়ান লিগে সবশেষ দেখায় গোলশূন্য ড্র করে পালমেইরাস ও বোটাফোগো। তার আগে ২০২৪’র নভেম্বরে বোটাফোগো ৩-১ গোলে হারিয়েছিল পালমেইরাসকে। সব প্রতিযোগিতা মিলিয়ে শেষ পাঁচ দেখায় দুটি ড্র হয়, দুটিতে জেতে বোটাফোগো আরেকটিতে জয় পালমেইরাসের।
ইংলিশ ক্লাব চেলসি ও পর্তুগিজ ক্লাব বেনফিকা এর আগে তিনবার মুখোমুখি হয়েছে। তিনবারই জিতেছে বুøজরা। পরিসংখ্যান চেলসির পক্ষে গেলেও এবারের ক্লাব বিশ্বকাপে দারুণ পারফরম্যান্স করেছে বেনফিকা। বেনফিকা ও চেলসি এর আগে প্রতিযোগিতামূলক ম্যাচে সবশেষ মুখোমুখি হয়েছিল ২০১৩ সালে। সেটি ছিল ইউরোপা লিগ ফাইনাল। এবারের ম্যাচটি নকআউট। ম্যাচে পরিষ্কার ফেভারিট নয় কোনো দলই।
