রাজধানীর বিজয় সরণি এলাকায় মাইক্রোবাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী দুই যুবক নিহত হয়েছেন। নিহতরা হলেন সাজ্জাদ হোসেন (২০) ও তার বন্ধু ফাহিম (২৭)। শনিবার দিবাগত রাত ৩টার দিকে এই দুর্ঘটনা ঘটে। তাদের একজনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ও অপরজনকে শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
রবিবার (২৯ জুন) দুপুরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে সাজ্জাদের মরদেহ সনাক্ত করেন স্বজনরা। সাজ্জাদের মামা বিল্লাল হোসেন জানান, সাজ্জাদের বাড়ি নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ থানার মিজমিজি এলাকায়। ৩ ভাইবোনের মধ্যে সাজ্জাদ ছিল ছোট। আপাতত বেকার ছিলেন তিনি। আর সাজ্জাদের বন্ধু ফাহিমের বাড়ি ফেনী। কয়েক দিন আগে ফেনী থেকে সাজ্জাদের বাড়িতে এসেছিলেন ফাহিম।
তিনি আরও জানান, শনিবার রাতে সাজ্জাদ তার নিজের মোটরসাইকেলে ফাহিমকে নিয়ে ঘুরতে বের হয়েছিলেন। রবিবার সকালে তারা পুলিশের মাধ্যমে খবর পান, সাজ্জাদ ও ফাহিম বিজয় সরণি এলাকায় সড়ক দুর্ঘটনায় মারা গেছেন।
তেজগাঁও থানার উপপরিদর্শক (এসআই) জান্নাতুল ফেরদৌস বাদল বলেন, শনিবার রাতে ট্রিপল ৯ এ সংবাদ পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হয়ে দুইজনকে মুমূর্ষু অবস্থায় দেখতে পাই। সঙ্গে সঙ্গে তাদের একজনকে ঢাকা মেডিকেলে ও অন্যজনকে সোহরাওয়ার্দী হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক দুজনকেই মৃত ঘোষণা করেন। তারা দুইজন একটি মোটরসাইকেলে ছিলেন। তাদের মাথায় কোনও হেলমেট ছিল না। দুইজনের পরনে হাফপ্যান্ট গেঞ্জি ছিল। একটি মাইক্রোবাসের সাথে ধাক্কা লেগে তারা মারা গেছেন। ঘটনাটি কাফরুল থানা এলাকায় পড়েছে। এজন্য পরবর্তী ব্যবস্থা কাফরুল থানা নেবে। ক্ষতিগ্রস্ত মোটরসাইকেল ও মাইক্রোবাসও কাফরুল থানায় হস্তান্তর করা হয়েছে।
এদিকে কাফরুল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল মামুন সড়ক দুর্ঘটনায় দুইজনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, বিজয় সরণি লিং রোডে মাইক্রোবাসের সঙ্গে মোটরসাইকেলের ধাক্কায় এই দুর্ঘটনা।
কুয়াকাটায় অতিরিক্ত মদ্যপানে পর্যটকের মৃত্যু
মুরাদনগরে জঘন্য অপকর্মে আ.লীগ নেতা জড়িত: রিজভী