কাস্টমসের কমপ্লিট শাটডাউনে হিলিতে আমদানি-রপ্তানি বন্ধ

আপডেট : ২৯ জুন ২০২৫, ০৪:১৫ পিএম

জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) ভেঙে দুভাগ করার প্রতিবাদে ও চেয়ারম্যানের অপসারণের দাবিতে দিনাজপুরের হিলি স্থলবন্দরে দ্বিতীয় দিনের মতো কমপ্লিট শাটডাউন ও মার্চ টু এনবিআর কর্মসূচি পালন করছেন কাস্টমস কর্মকর্তা কর্মচারীরা। তাদের এই কর্মসূচির কারণে বন্দর দিয়ে আমদানি-রপ্তানি বাণিজ্য কার্যক্রম বন্ধ রয়েছে। সেই সঙ্গে কাস্টমস কাজ না করায় বন্দরে আমদানিকৃত পণ্যবাহী ট্রাক আটকা পড়েছে, এতে করে ক্ষতির আশংকা করছেন ব্যবসায়ীরা।

কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে দ্বিতীয় দিনের মতো রবিবার সকাল থেকে হিলি স্থল শুল্ক স্টেশনে কর্মকর্তা কর্মচারীরা কমপ্লিট শাটডাউন ও  মার্চ টু এনবিআর কর্মসূচি পালন করছেন। হিলি স্থল শুল্ক স্টেশন কার্যালয় খোলা রয়েছে এখানে কর্মরত কর্মকর্তা কর্মচারীরা এলেও তারা তাদের কর্মকাণ্ড থেকে বিরত রয়েছেন। এতে করে দ্বিতীয় দিনের মতো বন্দর দিয়ে আমদানিকৃত পণ্যের বিল অব এন্ট্রি সাবমিট থেকে শুরু পরীক্ষণ শুল্কায়ন আউটপাশ কার্যক্রম বন্ধ রয়েছে।

এদিকে কমপ্লিট শাটডাউনের কারণে সরকার প্রতিদিন ৪ থেকে ৫ কোটি টাকার রাজস্ব আহরণ থেকে বঞ্চিত হচ্ছে বলে জানিয়েছে কাস্টমস কর্তৃপক্ষ। কেন্দ্রীয় যে কর্মসূচি ঘোষণা করবে সেই মোতাবেক হিলি স্থল শুল্কস্টেশনে কর্মসূচি পালন করবেন বলে জানিয়েছেন নাম প্রকাশে অনিচ্ছুক কাস্টমস কর্মকর্তা কর্মচারীরা।

হিলি স্থলবন্দর আমদানি-রপ্তানিকারক গ্রুপের সাধারণ সম্পাদক নাজমুল হক বলেন, কাস্টমসের কমপ্লিট শাটডাউন কর্মসূচির কারণে গতকাল বন্দর দিয়ে আমদানিকৃত পণ্যবাহী ট্রাক প্রবেশ করলেও কাস্টমস কর্মকর্তা কর্মচারীরা কাজ না করায় আমদানিকৃত পণ্যের বিলঅবএন্ট্রি সাবমিট থেকে শুরু করে পরিক্ষণ শুল্কায়ন বা আউটপাশ কার্যক্রম না হওয়ায় বন্দরের ভেতরেই সেসব ট্রাক আটকা পড়ে আছে। এতে জিরাসহ বেশ কিছু পণ্য হল্টেজ থাকার কারণে বন্দরের বাড়তি মাশুল গুনতে হবে সেই সঙ্গে ব্যাংক ইন্টারেস্ট বাড়বে। গাড়ি প্রবেশ করতে না পারায় বাড়তি ভাড়া গুনতে হবে তেমনি তীব্র গরমের কারণে পণ্যের গুনগত মান খারাপ হওয়ার সম্ভাবনা রয়েছে।

হিলি কাস্টমস সিআ্যন্ডএফ এজেন্ট আ্যসোসিয়েশনের সাধারণ সম্পাদক শাহিনুর ইসলাম বলেন, কাস্টমস কর্মকর্তা-কর্মচারীদের যে কমপ্লিট শাটডাউন কর্মসূচি চলছে এ কারণে ব্যবসায়ীরা ক্ষতিগ্রস্ত হচ্ছে। পাশাপাশি পণ্য দেশের অভ্যন্তরে প্রবেশ করতে না পারায় দ্রব্যমূল্য বেড়ে যাচ্ছে। সেই সঙ্গে সরকার প্রতিদিন যে পরিমাণ রাজস্ব আহরণ করত, সেটি থেকে বঞ্চিত হচ্ছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত