মানিকগঞ্জের হরিরামপুরে মসজিদে জুম্মার নামাজের পূর্বে বয়ানে মাদকবিরোধী কথা বলায় ইমামকে মারধরের অভিযোগ উঠেছে। এ ঘটনায় পুলিশ দুইজনকে গ্রেপ্তার করেছে।
রবিবার (২৯ জুন) বিকাল ৩টার দিকে তাদের গ্রেপ্তার করা হয় বলে নিশ্চিত করেন হরিরামপুর থানার ওসি মোহাম্মদ মুমিন খান।
গ্রেপ্তাররা হলেন- উপজেলার সুলতানপুর মধ্যপাড়া কুমেরপাড় এলাকার জুয়েল খানের ছেলে রায়হান (২০) ও জুলহাস (২৫)। অপরদিকে মারধরের শিকার ইমামের নাম মেরাজুল ইসলাম মেরাজ। তিনি সুলতানপুর মধ্যপাড়া কুমেরপাড় জামে মসজিদের ইমাম ও খতিব।
অভিযোগ সূত্রে জানা যায়, উপজেলার সুলতানপুর মধ্যপাড়া কুমেরপাড় জামে মসজিদের ইমাম ও খতিব মেরাজুল ইসলাম মেরাজ গত শুক্রবার (২৭ জুন) মসজিদে নামাজের পূর্বে বয়ানে মাদকবিরোধী কথা বলেন। এতে ক্ষিপ্ত হয়ে রায়হান ও তার ভাই জুলহাস দুইজন মিলে শনিবার ইমাম ও খতিব মেরাজুল ইসলামকে মারধর করে। এ সময় তারা মেরাজুল ইসলামের কাছ থেকে জোর করে ৫ হাজার টাকা হাতিয়ে নেয়। এ ঘটনায় ২৯ জুন মসজিদের ইমাম ও খতিব মেরাজুল ইসলাম বাদী হয়ে হরিরামপুর থানায় একটি লিখিত অভিযোগ করেন। পরে পুলিশ রায়হান ও জুলহাসকে আটক করে।
হরিরামপুর থানার ওসি মোহাম্মদ মুমিন খান বলেন, ইমাম ও খতিবকে মারধরের অভিযোগ পাওয়ার সঙ্গে সঙ্গে আমরা অভিযুক্ত দুই ভাইকে আটক করে থানায় নিয়ে আসি। পরে ঘটনার সত্যতা পাওয়ায় তাদের গ্রেপ্তার দেখানো হয়েছে। এ বিষয়ে তাদের বিরুদ্ধে দ্রুত বিচার আইনে একটি মামলা হয়েছে। সোমবার তাদের আদালতে পাঠানো হবে।
