যুক্তরাষ্ট্রের পশ্চিমাঞ্চলের রাজ্য আইডাহোর একটি পাহাড়ি অঞ্চলে আগুন নিয়ন্ত্রণে কাজ করার সময় দমকল বাহিনীর সদস্যদের লক্ষ্য করে গুলি চালিয়েছে বন্দুকধারীরা। গতকাল রবিবার ঘটে যাওয়া এই হামলায় অন্তত দুজন দমকলকর্মী প্রাণ হারিয়েছেন।
ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি সোমবার এক প্রতিবেদনে জানায়, কোতেনাই কাউন্টি শেরিফের কার্যালয় থেকে জানানো হয়েছে, কোউর ডিঅ্যালেন শহরের কাছাকাছি এলাকায় উচ্চক্ষমতাসম্পন্ন রাইফেল দিয়ে গুলি চালায় এক বা একাধিক বন্দুকধারী।
শেরিফ রবার্ট নরিস বলেন, ‘আমরা যখন সেখানে কথা বলছিলাম, তখন স্নাইপার হামলা চালায়। কর্মকর্তারা জানিয়েছেন, গুলি এসেছে একাধিক দিক থেকে। এতে বোঝা যায়, হামলাকারী একাধিক ব্যক্তি হতে পারে।’ পরে এলাকা ঘিরে রেখে স্থানীয় বাসিন্দাদের ঘটনাস্থল থেকে দূরে থাকতে বলা হয়।
এফবিআইয়ের ডেপুটি ডিরেক্টর ড্যান বঙ্গিনো জানান, ফেডারেল তদন্ত সংস্থা কৌশলগত সহায়তা এবং নিরাপত্তা ব্যবস্থায় সক্রিয়ভাবে যুক্ত হয়েছে। ঘটনাস্থলে এখনো অভিযান চলছে।
আইডাহোর গভর্নর ব্রাড লিটল এক্স প্ল্যাটফর্মে দেওয়া বার্তায় বলেন, ‘আমাদের সাহসী ফায়ারফাইটারদের ওপর ঘৃণ্য হামলা হয়েছে। যারা আহত ও নিহত হয়েছেন, তাদের পরিবারের জন্য আমি সবার কাছে প্রার্থনার অনুরোধ জানাচ্ছি। ঘটনাটির বিস্তারিত জানার চেষ্টা চলছে।’
গভর্নর আরও বলেন, ‘পরিস্থিতি যেহেতু আরও জটিল হয়ে উঠছে, তাই দয়া করে আইন প্রয়োগকারী সংস্থা এবং দমকল কর্মীদের কাজের পরিবেশ নিশ্চিত করতে সহযোগিতা করুন।’
গতকাল আয়োজিত এক সংবাদ সম্মেলনে শেরিফ নরিস জানান, ‘আমরা এখনো নিশ্চিত নই ঠিক কতজন হামলাকারী ছিল—একজন, দুজন, নাকি চারজন। ঘটনাস্থলটি কোউর ডিঅ্যালেন শহর থেকে সাড়ে ছয় কিলোমিটার উত্তরে হওয়ায় পরিস্থিতি আরও দুর্বোধ্য হয়ে পড়েছে।’
তিনি বলেন, ‘স্থানীয় সময় দুপুর ১টা ২২ মিনিটে আমরা বনাঞ্চলে আগুন লাগার খবর পাই। মাত্র এক ঘণ্টার ব্যবধানে, দুপুর ২টার দিকে আসে খবর—ফায়ারফাইটারদের ওপর গুলি ছোড়া হয়েছে।’
আইডাহোর এই মর্মান্তিক ঘটনায় হতবিহ্বল স্থানীয় প্রশাসন, আর চরম উদ্বেগে রয়েছেন সাধারণ মানুষ। বন্দুকধারীদের ধরতে চলছে তল্লাশি, তবে হামলার উদ্দেশ্য এখনও পরিষ্কার নয়।
ফিলাডেলফিয়ায় বিস্ফোরণে ধসে পড়ল তিন ভবন, নিহত ১
যুদ্ধবিরতির মধ্যেই উত্তর গাজায় হামলার প্রস্তুতি নিচ্ছে ইসরায়েল