মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবনে মিলল বীর মুক্তিযোদ্ধার মরদেহ

আপডেট : ৩০ জুন ২০২৫, ০৪:৫৫ পিএম

সাতক্ষীরার কলারোয়া মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবন থেকে সিরাজুল ইসলাম (৮০) নামের একজন বীর মুক্তিযোদ্ধার মরদেহ উদ্ধার করেছে উপজেলা প্রশাসন ও থানা পুলিশ। তিনি উপজেলার চন্দনপুর ইউনিয়নের হিজলদী গ্রামের মৃত ওমর আলী মোড়লের পুত্র। রবিবার (২৯ জুন) দুপুরে এ উদ্ধারের ঘটনা ঘটে। পরে রাতে রাষ্ট্রীয় মর্যাদায় গার্ড অব অনার শেষে তার লাশ দাফন সম্পন্ন হয়।

কলারোয়া উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) জহুরুল ইসলাম বলেন, বীর মুক্তিযোদ্ধা সিরাজুল ইসলাম পারিবারিক কারণে গত কয়েক মাস যাবত মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবনের ৪র্থ তলার একটি কক্ষে একা বসবাস করতেন। একই সাথে তিনি ভবনের নৈশপ্রহরীর দায়িত্ব পালন করতেন। রবিবার দুপুর হয়ে গেলেও তার দেখা না পাওয়ায় কয়েকজন তার খোঁজে রুমের কাছে গিয়ে দেখেন দরজা আটকানো। জানালা দিয়ে দেখা যায় উনি খাটে ঘুমিয়ে আছেন। অনেক ডাকাডাকির পরেও সাড়া না দেয়ায় বিষয়টি আমাকে জানানো হয়। তাৎক্ষনিক পুলিশ ও হাসপাতালের চিকিৎসককে নিয়ে ঘটনাস্থলে যাই। পরে দরজার ছিটকানি ভেঙ্গে তাকে মৃত অবস্থায় উদ্ধার করা হয়।

চিকিৎসক ডা.বাপ্পি প্রাথমিক পরীক্ষা-নিরীক্ষা করে জানান, হয়তো স্ট্রোকজনিত কারণে শনিবার রাতের প্রথম প্রহরে ঘুমন্ত অবস্থায় স্বাভাবিকভাবে তার মৃত্যু হতে পারে। পুলিশও সুরতহাল রিপোর্টেও স্বাভাবিক মৃত্যুর বিষয়টি উঠে এসেছে। পরে পরিবারের আবেদনের প্রেক্ষিতে গার্ড অব অনার শেষে তার দাফন প্রক্রিয়া সম্পন্ন করা হয়।

কলারোয়া থানা অফিসার ইনচার্জ (ওসি) শেখ সাইফুল ইসলাম জানান, রবিবার বেলা ১টার দিকে বীর মুক্তিযোদ্ধা সিরাজুল ইসলামের লাশ উদ্ধার করা হয়। তার স্ত্রী, ২ পুত্র ও ৩ কন্যা রয়েছে। এক পুত্র বিদেশে থাকেন। আরেক পুত্র জামাল হকের আবেদনের প্রেক্ষিতে বীর মুক্তিযোদ্ধার লাশ দাফনের অনুমতি দেয়া হয়।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত