নরসিংদীতে ট্রেনের ধাক্কায় মোটরসাইকেল আরোহী এক দম্পতি নিহত নিহত হয়েছেন। সোমবার (৩০ জুন) বিকালে সদর উপজেলার চিনিশপুর ইউনিয়নের দগরিয়া রেলক্রসিং এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- মনোহরদী উপজেলার লেবুতলা ইউনিয়নের গজারিয়া গ্রামের আমিনুল ইসলাম জজ মিয়া (৪৮) ও তার স্ত্রী আকলিমা বেগম (৪৫)।
পুলিশ ও স্থানীয়রা জানায়, নরসিংদী সাহেপ্রতাব এলাকায় স্থাপিত ইনডিপেনডেন্ট কলেজে দ্বাদশ শ্রেণিতে পড়ুয়া ছেলে মাহবুবুর রহমানকে দেখতে আসেন আমিনুল ইসলাম জজ মিয়া ও তার স্ত্রী আকলিমা বেগম । ছেলের সাথে দেখা শেষে মোটরসাইকেল যোগে বাড়ি ফিরছিলেন ওই দম্পত্তি। চিনিশপুর ইউনিয়নের দগরিয়া এলাকার অরক্ষিত রেলক্রসিং পার হওয়ার সময় ঢাকা থেকে ছেড়ে আসা নোয়াখালী গামী উপকূল এক্সপ্রেসের সাথে ধাক্কা লেগে ছিটকে পড়েন তারা। এ দুর্ঘটনায় ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়। নরসিংদীনরসিংদী ইনডিপেনডেন্ট কলেজের অধ্যক্ষ ড. মশিউর রহমান মৃধা বলেন, ‘আমাদের কলেজে দ্বাদশ শ্রেণিতে পড়ুয়া ছাত্র মাহবুবুর রহমানকে দেখতে আসেন তার বাবা-মা। তারা তাকে দেখে বাড়ি ফেরার পথে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।’
নরসিংদী রেলওয়ে পুলিশ ফাড়ির সহকারী উপ-পরিদর্শক আওলাদ হোসেন জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। এ বিষয়ে আইন প্রক্রিয়া চলমান।
