বৈষম্যবিরোধী আন্দোলনকেন্দ্রিক রাজধানীর পৃথক থানার মামলায় মানিকগঞ্জ-২ আসনের সাবেক সংসদ সদস্য (এমপি) মমতাজ বেগমকে নতুন মামলায় গ্রেপ্তার দেখিয়েছে আদালত। অন্যদিকে সংরক্ষিত নারী আসনের সাবেক এমপি সাবিনা আক্তার তুহিনের দুদিন, ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক শাহে আলম মুরাদের এক দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত।
গতকাল সোমবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট পার্থ ভদ্র উভয় পক্ষের শুনানি শেষে এ আদেশ দেয়। অন্য আসামিরা হলেন সাবেক স্বরাষ্ট্র সচিব জাহাঙ্গীর আলম ও নোয়াখালীর সাবেক পুলিশ সুপার মো. আসাদুজ্জামান। মামলাগুলোর মধ্যে ধানম-ি থানার কিশোর শামীম হত্যায় জাহাঙ্গীর আলম ও শাহে আলম মুরাদ, কোতোয়ালি থানার শাওন মুফতি হত্যা মামলায় মমতাজ বেগম, যাত্রাবাড়ী থানাধীন মঈনুল ইসলাম ওরফে মাইনুদ্দিন হত্যা মামলায় আসাদুজ্জামানকে গ্রেপ্তার দেখিয়েছে আদালত।
মমতাজকে গ্রেপ্তার দেখানোর মামলার অভিযোগ থেকে জানা যায়, বৈষম্যবিরোধী আন্দোলন চলাকালে গত বছরের ৫ আগস্ট রাজধানীর কোতোয়ালি থানাধীন তাঁতীবাজার মোড়ে মুফতি শাওন রাত সাড়ে ১১টায় গুলিবিদ্ধ হন। হাসপাতালে নেওয়ার পর রাত দেড়টার দিকে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় নিহতের মা মাকসুদা বেগম গত ২৮ মে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ৫৭ জনের বিরুদ্ধে কোতোয়ালি থানায় এ মামলাটি করেন। এ মামলায় মমতাজ ১৪ নম্বর আসামি।
