রূপগঞ্জের পূর্বাচলে জবাইকৃত ৫টি ঘোড়ার মাংস উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার রাত ৩টার দিকে পূর্বাচল উপ শহরের ১০ নং সেক্টর এলাকা থেকে এসব মাংস উদ্ধার করা হয়। পরে সহকারী কমিশনার ভূমি ও ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট তরিকুল ইসলাম ঘটনাস্থলে উপস্থিত হয়ে ফয়েজ মিয়া (১৫) নামে এক যুবককে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন। ফয়েজ মিয়া কিশোরগঞ্জ জেলার অষ্টগ্রাম থানার বরমপাড়া এলাকার হাফিজ মিয়ার ছেলে।
রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা তরিকুল ইসলাম জানান, আনসার বাহিনীর সদস্যরা টহল দেয়ার সময় একটি সিএনজি অটোরিকশাকে থামার সিগন্যাল দেয়। এ সময় গাড়ি থামিয়ে কয়েকজন ব্যক্তি সেখান থেকে পালিয়ে যায়। পরে তারা একটি প্লটের ভেতরে দেখতে পান গোপনে পাঁচটি ঘোড়া জবাই করে তাদের মাংস আলাদা করা হচ্ছে। আনসার সদস্যরা তাৎক্ষণিকভাবে জাতীয় জরুরি সেবা নম্বর ৯৯৯-এ ফোন করে পুলিশকে খবর দেয় এবং ফয়েজ মিয়াকে পুলিশের কাছে হস্তান্তর করে।
স্থানীয়রা জানান, একটি চক্র দীর্ঘদিন ধরে ঘোড়ার মাংসকে গরুর মাংস বলে রাজধানীসহ আশপাশের এলাকায় ও বিভিন্ন হোটেলে বিক্রি করে আসছে। সুনসান নীরব এলাকা হওয়ার কারণে এখানেই তারা ঘোড়ার মাংস জবাই করে তা গরুর মাংস হিসেবে বিভিন্ন জায়গায় পাঠিয়ে বিক্রি করত।
