মাঠে নামতে প্রয়োজনে গোলকিপার হতেও রাজি কারভাহাল

আপডেট : ০১ জুলাই ২০২৫, ০৪:১৪ পিএম

মারাত্মক চোট পেয়ে কাঁদতে কাঁদতে স্ট্রেচারে করে মাঠ ছেড়েছিলেন দানি কারভাহাল। পরের সাত মাস চলেছে এন্টেরিয়র ক্রুসিয়েট লিগামেন্টের চোটের সঙ্গে লড়াই। জটি অস্ত্রোপচার, দীর্ঘ ও ক্লান্তিকর পুনবার্সন প্রক্রিয়া শেষে তিনি এখন মাঠে ফিরতে প্রস্তুত। কিন্তু খেলবেন কোন পজিশনে? রিয়ালের হয়ে মাঠে নামতে কারভাহাল প্রয়োজনে নিজের ভূমিকা পরিবর্তনেও রাজি আছেন।

চলতি ক্লাব বিশ্বকাপের শেষ ষোলোতে বাংলাদেশ সময় আজ মঙ্গলবার দিবাগত রাত ১টায় জুভেন্তাসের মুখোমুখি হতে যাচ্ছে রিয়াল মাদ্রিদ। এই আসরেই মাঠে ফিরতে প্রস্তুত ৩৩ বছর বয়সী ডিফেন্ডার। সাংবাদিকদের তিনি বলেন, ‘দলে সত্যিকারের বৈচিত্র বয়ে আনছেন কোচ। যেমন চুয়ামেনির পজিশন নিয়ে… আমিও প্রয়োজনে খেলতে পারি যে কোনো জায়গায়, এমনকি গোলপোস্টেও দাঁড়াতে পারি!’

তিনি আরও বলেছেন, ‘৩-৫-২ ফর্মেশনে সেন্টার-ব্যাক হিসেবে খেলতে হলেও কোনো সমস্যা নেই আমার। আগেও নানা সময়ে সেন্টার-ব্যাক হিসেবে খেলেছি, লেফট-ব্যাক খেলেছি, উইংয়ে খেলেছি। কোচ যেখানে খেলাতে চায়, সেখানে খেলতে সবসময়ই প্রস্তুত আমি। যে কোনো উপায়ে দলকে সহায়তা করতে প্রস্তুত আছি। ব্যক্তিগতভাবে খুবই ভালো অনুভব করছি। দলীয় প্রক্রিয়ায় ফিরতে পেরে ভালো লাগছে।’

×
সর্বশেষ সর্বাধিক পঠিত