সংবাদ সম্মেলনটি ছিল গতকাল শেষ হওয়া বাফুফের নেক্সট গ্লোবাল স্টার কর্মসূচীটিকে ঘিরে। তবে বাফুফে ভবনে নতুন খবরের মধ্য দিয়ে শুরু হয় এই সংবাদ সম্মেলন। আরও ৬ মাসের জন্য বাফুফের টেকনিক্যাল ডিরেক্টর হিসেবে থেকে যাচ্ছেন সাইফুল বারী টিটু। এর মধ্য দিয়ে লোডভিক ডি ক্রুইফকে নিয়ে জন্ম নেওয়া জল্পনার আপাতত অবসান হলো।
বাফুফে নেক্সট গ্লোবাল স্টার কর্মসূচীটি শুরু হয় মূলত ২৭ জুন ওরিয়েন্টেশনের মধ্য দিয়ে। পরের দুই দিন জাতীয় স্টেডিয়ামে সকাল-বিকেল দুই সেশনে পরখ করা হয় বিশ্বের দূর প্রান্ত থেকে নিজ দায়িত্বে দেশে আসা বয়সে ছোট-বড় ৪৮ প্রবাসী ফুটবলারদের। গতকাল অনূর্ধ্ব-১৯ ও সিনিয়র- দুই ভাগে বিভক্ত এ ফুটবলারদের দুটো ১ ঘন্টাব্যাপী অনুশীলন ম্যাচ খেলানো হয়। সেসব নিয়েই গণমাধ্যমের সামনে কথা বলেন টিটু। এ সময় তার সঙ্গে ছিলেন গোলাম রব্বানী ছোটন, সাঈদ হোসেন কানন, আলফাজ আহমেদরা।
এই প্রবাসীদের ভবিষ্যত নিয়ে টিটু বলেন, ‘জাতীয় দল আমাদের মূল প্রায়োরিটি। আমরা দেশি ফুটবলারদের খুব কাছ থেকে চিনি, সেই তুলনায় প্রবাসী ফুটবলারদের ভালো করে চিনি না। কিন্তু সবাই বাংলাদেশি। প্রত্যেকের তাদের যোগ্যতার বিচারেই দলে আসার ও খেলার সুযোগ পাবে। আমরা এই খেলোয়াড়দের দেখেছি। প্রত্যেকের সঙ্গে আলাদা করে কথা হয়েছে, আমাদের ওয়াইজস্কাউট অ্যাপটির মাধ্যমে ওদের তথ্যগুলো সংরক্ষিত রাখা হয়েছে। আমরা নিবিড়ভাবে সেগুলো বিশ্লেষণ করবো। আর সেই অনুযায়ী পরিস্থিতি এবং দল বিবেচনায় যোগ্যদের সুযোগ তৈরি করে দেওয়ার প্রক্রিয়া চলতে থাকবে।’
সেপ্টেম্বরে এএফসির অনূর্ধ্ব-২৩ এশিয়ান কাপের বাছাইপর্ব রয়েছে। তার আগে জুলাইয়ের শেষে বয়সভিত্তিক দলটির ক্যাম্প শুরু করবে বাফুফে। সরাসরি কিছু না বললেও টিটু ইঙ্গিত দিয়ে রেখেছেন সেই ক্যাম্পে দেখা যেতে পারে এই ট্রায়ালে অংশ নেওয়া অনেকগুলো মুখকে। এই ট্রায়ালে যারা অংশ নিয়েছেন তাদের মধ্যে প্রায় ২৫ জনের বয়স ১৯ বছরের বেশি। নির্দিষ্ট কারো নাম জানতে চাওয়া হলে তা প্রকাশ না করে সাবধানী ভঙ্গিতে টেকনিক্যাল ডিরেক্টর জানান, ‘এটা সময়সাপেক্ষ প্রক্রিয়া। আমরা ভিডিও অ্যানালাইসিস ও ওয়াইজস্কাউট ব্যবহার করে দেখবো যে আমরা কী পেলাম। আমরা চাই না কেউ অবিচারের শিকার হোক। আমরা একটা যথাযথ প্রক্রিয়া অনুসরণ করবো। সামনের কোনো ক্যাম্পে যখন আপনারা দেখবেন কেউ চলে এসেছে, তখনই বুঝবেন তাদের কীভাবে মূল্যায়ন করা হয়েছে। একই সঙ্গে আমাদের নিজেদের খেলোয়াড়দের উন্নতির কথা বিবেচনা করে দুটো বিষয়ই আমরা পাশাপাশি রাখবো। আমাদের উদ্দেশ্য হলো জাতীয় দল যেন শক্তিশালী হয়। তাই এক্ষেত্রে আমরা অন্য কোনো বিষয় বিবেচনায় নিবো না। আপনি যদি ভালো খেলোয়াড় হন, তাহলে বাংলাদেশের জন্য খেলবেন- এটাই থাকবে।’
অস্ট্রেলিয়ার টি-টোয়েন্টি টুর্নামেন্টে এবারও অংশ নেবে বাংলাদেশ 'এ'
মাঠে নামতে প্রয়োজনে গোলকিপার হতেও রাজি কারভাহাল