গাজীপুরের কোনাবাড়ীতে চোর সন্দেহে গ্রিনল্যান্ড গার্মেন্টস লিমিটেড পোশাক কারখানার শ্রমিক হৃদয়কে (১৯) পিটিয়ে হত্যার মূলহোতা বেল্লাল হোসেন বেলালকে (৪৩) গ্রেপ্তার করেছে র্যাব-১ গাজীপুর পোড়াবাড়ী ক্যাম্পের সদস্যরা।
মঙ্গলবার (১ জুলাই) বেলা সাড়ে ১১ টায় গাজীপুর মহানগরীর বাসন থানাধীন চান্দনা চৌরাস্তা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে।
র্যাব-১ গাজীপুর পোড়াবাড়ি ক্যাম্পের কমান্ডার পুলিশ সুপার (এসপি) কে এম এ মামুন খান চিশতী সন্ধ্যায় গ্রেপ্তারের সত্যতা নিশ্চিত করেছেন।
গ্রেপ্তার বেল্লাল হোসেন বেলাল সিরাজগঞ্জ জেলার কাজীপুর উপজেলার পাটাগ্রাম (পূর্ব বেদগাড়ী) গ্রামের লোকমান হোসেনের ছেলে। সে গ্রিনল্যান্ড গার্মেন্টস লিমিটেড কারখানায় নিরাপত্তা প্রহরী (সিকিউরিটি গার্ড) হিসেবে কর্মরত ছিল।
এ নিয়ে মেকানিক্যাল মিস্ত্রী হৃদয় হত্যার ঘটনায় মোট তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে।
নিহত হৃদয় (১৯) টাঙ্গাইল জেলার ঘাটাইল উপজেলার শুকতারবাইদ গ্রামের মৃত কাজীমদ্দীনের ছেলে। তিনি গ্রীনল্যান্ড কারখানায় ডাইং সেকশনের মেকানিক্যাল মিস্ত্রী হিসেবে অস্থায়ীভাবে কাজ করতেন। গাজীপুর মহানগরীর কোনাবাড়ী থানাধীন হারিনাবাড়ী (এসরারনগর হাউজিং) এলাকায় মিরাজের বাড়ীতে ভাড়ায় থেকে মা ও বোনসহ বসবাস করতেন।
র্যাব-১ গাজীপুর পোড়াবাড়ি ক্যাম্পের কমান্ডার কে এম এ মামুন খান চিশতী জানান, শুক্রবার (২৭ জুন) রাত ৮টা থেকে শনিবার (২৮ জুন) বিকাল সাড়ে ৪টার মধ্যবর্তী যে কোন সময় গ্রিনল্যান্ড গার্মেন্টস লিমিটেড কারখানার ভিতরে আটক বেলাল অজ্ঞাতনামা আসামিদের নিয়ে একই কারখানার মেকানিক্যাল মিস্ত্রী হৃদয়কে চোর সন্দেহে হাত-পা রশি দিয়ে বেঁধে সারারাত মারপিট করে হত্যা করে। মৃত্যুর রহস্য গোপন রাখার উদ্দেশ্যে ভুক্তভোগীর পরিবারকে না জানিয়ে মরদেহ গাজীপুর শহীদ তাজউদ্দিন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়।
