ঢাকার দোহারে হারুন অর রশীদ নামে বিএনপির এক নেতাকে ফিল্মি স্টাইলে গুলি ও কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। বুধবার সকাল ৬টা ১০ মিনিটে বাহ্রাঘাট জাবেদের মোড় এলাকায় এ ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার ভোরে ফজরের নামাজ আদায় করে প্রতিদিনের মত পদ্মা নদীর পাড় দিয়ে হাঁটছিলেন নয়াবাড়ি ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি ও বাহ্রা হাবিল উদ্দিন উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক হারুন মাস্টার। হঠাৎ দুটি মোটরসাইকেলে চারজন যুবক তাকে এলোপাতাড়ি কুপিয়ে ও চার রাউন্ড গুলি করে চলে যায়। এরপর স্থানীয়রা ছুটে এসে হারুন মাস্টারকে দোহার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক ডা. নুসরাত তারিন তাকে মৃত ঘোষণা করেন।
খবরটি চারদিকে ছড়িয়ে পড়লে তার সহকর্মী ও রাজনৈতিক নেতারা হাসপাতালে ছুটে আসেন। এ ঘটনার পর নয়বাড়ির বাহ্রা ঘাট এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে। দোহার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ডা. নুসরাত তারিন জানান, হারুন মাস্টারের শরীরে প্রায় চার রাউন্ড গুলির চিহ্ন দেখা যায়। একটি গুলি মাথা ভেদ করে গাল দিয়ে বের হয়েছে।
হারুন মাস্টার ১৭ দিন পরে অবসরে যাওয়ার কথা ছিল। স্থানীয় মো. ওয়াসিম জানান, তিনি একটি ফোনে কল পেয়ে ঘটনাস্থলে যান। সেখানে গিয়ে দেখতে পান হারুন মাস্টারের নিথর দেহ পরে আছে। এর পর তিনি বিভিন্ন জায়গায় ফোন দিয়ে বিষয়টি অবগত করেন।
দোহার থানা অফিসার ইনচার্জ মো. হাসান জানান, আমরা ঘটনাস্থল ও হাসপাতালে গিয়েছি। প্রাথমিক সুরতহাল করে তার শরীরে চারটি গুলি ও ৫/৬ টি ধারালো অস্ত্রের কোপ পেয়েছি। বাকিটা ময়নাতদন্ত শেষে বলা যাবে।
