থাইল্যান্ডের পেউ থাই নেতৃত্বাধীন সরকারের প্রধানমন্ত্রী পেতংতার্ন সিনাওয়াত্রাকে বরখাস্তের পর রাজনৈতিক সংকটের মধ্য দিয়ে যাচ্ছে। সাবেক প্রধানমন্ত্রীর বরখাস্তের পরেই দেশটির প্রধানমন্ত্রীর ক্ষমতা পান উপ-প্রধানমন্ত্রী সুরিয়া জুংরুংরুয়াংকিট। তবে তিনি মাত্র এক দিনের জন্য প্রধানমন্ত্রী হয়েছিলেন।
সুরিয়ার স্থলাভিষিক্ত হতে যাচ্ছেন পেউ থাই পার্টির বর্ষীয়ান রাজনীতিক ও সিনাওয়াত্র পরিবারের ঘনিষ্ঠ ফুমথাম ওয়েচায়াচাই। দেশটিতে তৈরি হওয়া রাজনৈতিক সংকট মোকাবিলায় তিনি দায়িত্ব পেতে যাচ্ছেন বলে এক প্রতিবেদনে জানিয়েছে সাউথ চায়না মর্নিং পোস্ট।
এর আগে পরিবহন ও উপ-প্রধানমন্ত্রী সুরিয়া জুংরুংরুয়াংকিট ব্যাংককে প্রধানমন্ত্রীর দপ্তরের আয়োজিত এক অনুষ্ঠানে অংশগ্রহণের মাধ্যমে তার দায়িত্ব পালন শুরু করেন। এই অনুষ্ঠানটি প্রধানমন্ত্রীর দপ্তর প্রতিষ্ঠার ৯৩তম বার্ষিকী স্মরণে আয়োজন করা হয়।
তবে ফুমথামের দায়িত্ব গ্রহণ নির্ভর করছে তার স্বরাষ্ট্রমন্ত্রী হিসেবে আনুষ্ঠানিক শপথ গ্রহণের ওপর। এটি বৃহস্পতিবার অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। তার আগে রাজকীয় ডিক্রির মাধ্যমে মন্ত্রিসভা পুনর্গঠনের অনুমোদন দেওয়া হবে।
তবে ফুমথামকে প্রধানমন্ত্রী পদে দায়িত্ব দেওয়াকে শাসক জোটের একটি কৌশলগত পদক্ষেপ হিসেবে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা। তাকে ক্ষমতায় বসিয়ে দেশটিতে নেতৃত্বের ধারাবাহিকতা এবং ক্রমবর্ধমান রাজনৈতিক চাপের মধ্যে স্থিতিশীলতা প্রদর্শন করতে চায় পেউ থাই পার্টি।
৭১ বছর বয়সী এই রাজনৈতিক অভিজ্ঞ ব্যক্তি পেউ থাই পার্টির অন্যতম প্রধান স্তম্ভ এবং সিনাওয়াত্রা পরিবারের ঘনিষ্ঠ আস্থাভাজন হিসেবে ব্যাপকভাবে পরিচিত।
তিনি এর আগে বাণিজ্য মন্ত্রী ও প্রতিরক্ষা মন্ত্রীসহ বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ মন্ত্রিসভা পদে দায়িত্ব পালন করেছেন। গত বছর সংবিধানিক আদালত যখন তৎকালীন প্রধানমন্ত্রী স্রেঠা থাভিসিনকে অপসারণ করে তখন তিনি ৩ দিনের জন্য ভারপ্রাপ্ত প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন।
