অবশেষে উন্মুক্ত হলো পাইকগাছার নাছিরপুর খাল

আপডেট : ০২ জুলাই ২০২৫, ০৮:৩১ পিএম

প্রায় দশ কিলোমিটার এলাকার ওপর দিয়ে প্রবাহিত ২০টি গ্রামের কয়েক লাখ মানুষের ‘জীয়নকাঠি’ বলে খ্যাত পাইকগাছা উপজেলার তালতলা থেকে হরিঢালী পর্যন্ত বহুল আলোচিত নাছিরপুর খালটি অবশেষে উদ্ধার ও উন্মুক্ত করা হয়েছে।

আজ বুধবার উপজেলা প্রশাসন আনুষ্ঠানিকভাবে খালটি উদ্ধার ও উন্মুক্ত করে। এলাকার নারী-পুরুষসহ হাজারো মানুষের উৎসবমুখর উপস্থিতিতে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. ইফতেখারুল ইসলাম শামীম, উপজেলা সিনিয়র মৎস কর্মকর্তা সৈকত মল্লিক, উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ একরামুল হোসেন ও সেনাবাহিনীর কর্মকর্তা ও পুলিশ কর্মকর্তাদের পরিচালনায় খাল থেকে সমস্ত প্রতিবন্ধকতা অপসারণ করা হয়।

প্রায় ২০৫ বিঘা জায়গার ওপর বিভিন্ন স্থানে টানিয়ে দেওয়া হয় সাইনবোর্ড। মানুষ তিন দশক পরে খালের ওপর তাদের পূর্ণ অধিকার ফিরে পেয়ে মাছ ধরার আনন্দে মাতোয়ারা হয়ে ওঠে।

গ্রামবাসী জানায়, কপিলমুনি ইউনিয়ন পরিষদর সাবেক চেয়ারম্যান শাহাদাত হোসেন ডাবলু দীর্ঘ দিন ধরে কখনো ইজারা নিয়ে, আবার কখনও ইজারাবিহীন অবৈধ দখলে রেখে খণ্ড খণ্ড করে নেটপাটা দিয়ে লবণ পানির চিংড়িসহ বিভিন্ন প্রজাতির মাছ চাষ করছিলেন দখলদাররা। বঞ্চিত করা হয়েছে সাধারণ মানুষকে। তবে এই খালটি উন্মুক্ত করার ফলে খালকে অবলম্বন করে যাদের অন্ন সংস্থান, খাল ঘিরে যাদের জীবন-জীবিকা তাদের ঘরে ঘরে এখন আনন্দের বন্যা বইছে। মিষ্টি বিতরণ চলছে গ্রামে-পাড়ায়-বাড়ি-বাজারে। খালের দুই পাড়ে প্রাণ ফিরে পাওয়ার উচ্ছ্বাস চলছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত