চক্ষু চিকিৎসা পেলেন পাইকগাছার দুই সহস্রাধিক মানুষ  

আপডেট : ০৬ আগস্ট ২০২৫, ০৮:৫১ পিএম

খুলনার পাইকগাছা উপজেলার নগর শ্রীরামপুরে চক্ষু চিকিৎসা ও ছানি অপারেশন ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকাল ৯টা থেকে দুপুর ১টা পর্যন্ত বিনা মূল্যে চলে এ চিকিৎসা। ‘জিয়া প্রাইমারি হেলথ কেয়ার সেন্টারের’ উদ্যোগে ও বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসসের) চেয়ারম্যান আনোয়ার আলদীনের সার্বিক তত্ত্বাবধানে আয়োজিত হয় এই ক্যাম্প।

এলাকাবাসী সূত্রে জানা যায়, মানবসেবার ধারাবাহিক উদ্যোগের অংশ হিসেবে সাংবাদিক আনোয়ার আলদীন পাইকগাছার প্রত্যন্ত অঞ্চলে বিভিন্ন সেবা মূলক কাজ করছেন দীর্ঘদিন। সর্বশেষ তিনি এই চক্ষু সেবা ক্যাম্পের অয়েজন করেন।

সাইটসেভার্সের অর্থায়নে ব্র্যাক ও খুলনা বিএনএসবি চক্ষু হাসপাতালের বিশেষজ্ঞ ডাক্তার-নার্সদের সমন্বয়ে গঠিত ১২ জনের মেডিকেল টিম চক্ষু রোগীদের চিকিৎসা প্রদান ও ছানি রোগীদের বাছাই করেন। বাছাই করা রোগীদের পর্যায়ক্রমে বিনামূল্যে চোখের ছানি অপারেশন করা হবে। ছানি অপারেশনের পর কালো চশমা ও ১ মাসের ওষুধ বিনামূল্যে প্রদান করা হবে।

বিনামূল্যে ও এই চক্ষু চিকিৎসা সেবা ক্যাম্পে পাইকগাছা ও কয়রা উপজেলাসহ অনান্য এলাকার গরিব, দুস্থ মানুষ চিকিৎসা সুবিধা গ্রহণ করেন। ছানিজনিত কারণে যে সকল রোগী দৃষ্টিশক্তি হারিয়েছেন, তাদের চোখের ছানি অপারেশন এবং (আইএলও) লেন্স স্থাপনের লক্ষ্যে ছানি রোগী শনাক্তকরণ করা হয়। রোগী শনাক্তকরণের ক্ষেত্রে চোখের প্রেশার, শরীরের রক্ত চাপ ও ডায়াবেটিস পরীক্ষা-নিরীক্ষা করা হয়। প্রয়োজনীয় সকল পরীক্ষা-নিরীক্ষার মাধ্যমে পাঁচ শতাধিক রোগীকে ছানি অপারেশনের জন্য চূড়ান্তভাবে নির্বাচন করা হয়।

চিকিৎসা নিতে আসা হালিমা খাতুন বলেন, চোখে সমস্যা ছিল, গ্রামে চোখের ডাক্তার নেই তাছাড় টাকা না থাকায় চিকিৎসা করাতে পারিনি। আজ ফ্রি ক্যাম্পে এসে ডাক্তার দেখালাম, অপারেশনের সুযোগও পেলাম। যারা এমন সহয়তা করলেন আল্লাহ যেন তাদের ভালো রাখেন। এমন কাজ গরিবদের জন্য আশীর্বাদ।

চিকিৎসা পাওয়া গফুর সরদার বলেন, সমাজের ভালো কাজে বিশিষ্ট ব্যক্তিরা এভাবে এগিয়ে এলে আমরা উপকৃত হই। আনোয়ার আলদীন সাহেব সুখে দুঃখে যেভাবে সুবিধা বঞ্চিত মানুষের পাশে থাকেন আমরা চাই ভবিষ্যতেও তিনি যেন এমন থাকেন।

আনোয়ার আলদীন দেশ রূপান্তরকে বলেন, সামাজিক দায়বদ্ধতার অংশ হিসেবে সাধারণ মানুষের জন্য এ ক্যাম্পের আয়োজন করা হয়েছে। বহু মানুষ চোখের নানা ধরনের দৃষ্টি সমস্যায় ভুগছেন। কিন্তু অনেকেই অর্থাভাবে চিকিৎসা নিতে পারছেন না। তাই আমরা বিনা মূল্যের চক্ষু ক্যাম্পের আয়োজন করি। এ আয়োজনে সব শ্রেণির মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ আমাদের অনুপ্রাণিত করেছে। আগামীতে এ ধরনের কার্যক্রম আরো অনুষ্ঠিত হবে বলেও তিনি জানান।

এই চক্ষু চিকিৎসা সেবা প্রদান অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পাইকগাছা উপজেলা বিএনপির আহ্বায়ক ডা. আব্দুল মজিদ। প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন আনোয়ার আলদীন।

উপস্থিত ছিলেন জেলা বিএনপির অন্যতম সিনিয়র নেতা কে এম আশরাফুল আলম নান্নু, শেখ সামসুল আলম পিন্টু,যুবদলের পাইকগাছা আহ্বায়াক তহিদুজ্জামান মুকুল, ছাত্রদল সভাপতি সরজিৎ ঘোষ দেবেন প্রমুখ। 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত