খুলনার পাইকগাছায় হাতুড়ি দিয়ে পিটিয়ে সাধন দেবনাথ নামের এক ব্যবসায়ীর কাছ থেকে সাড়ে ৩ লাখ টাকা ও দুটি মোবাইল ফোন ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। গতকাল শনিবার রাতে ব্যবসায়ী দোকান থেকে বাড়ি ফিরছিলেন। পথে এ ঘটনা ঘটে। তবে ছিনতাইয়ের সময় জনতা ধাওয়া দিয়ে তিন ছিনতাইকারীর মধ্যে তুহিন নামে এক ছিনতাইকারীকে ধরে গণপিটুনি দিয়েছে।
রাড়ুলী ইউনিয়নের বাঁকা বাজারের ইলেকট্রনিক্স ও মোবাইল ব্যাংকিং ব্যবসায়ী সাধন দেবনাথ জানান, তিনি গত শনিবার রাত সাড়ে ১০ টার দিকে দোকান বন্ধ করে বাইসাইকেলযোগে বাড়িতে যাচ্ছিলেন। সরকারি দীঘির পুকুর পাড়ে পৌঁছানোর সঙ্গে সঙ্গে তিনজন ছিনতাইকারী তার গতিরোধ করে এলোপাতাড়ি হাতুড়ি দিয়ে পিটিয়ে তার ব্যাগে থাকা সাড়ে ৩ লাখ টাকা ও দুটি মোবাইল ফোন ছিনতাই করে দৌড় দেয়। তখন তার চিৎকারে আশপাশের লোকজন এসে ছিনতাইকারীদের ধাওয়া দিয়ে একজনকে আটক করে গণধোলাই দেয়।
পাইকগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক রাচি শিকদার জানান, ব্যবসায়ী সাধন দেবনাথ ও গণধোলাইয়ের শিকার হওয়া তুহিন দাশকে হাসপাতালে ভর্তি করা হয়। তবে তুহিন দাশের অবস্থা খারাপ হওয়ায় তাকে উন্নত চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ (খুমেক) হাসপাতালে পাঠানো হয়েছে।
এ ব্যাপারে পাইকগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইদ্রিসুর রহমান জানান, ভুক্তভোগী ব্যবসায়ী বা তার পরিবারের পক্ষ থেকে রবিবার বিকাল ৫টা পর্যন্ত মামলা করতে আসেনি। মামলা করতে আসলে তা গ্রহণ করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
সামরিক স্থাপনার আশপাশ থেকে ইরানিদের সরে যেতে বলল ইসরায়েল