ভিজিএফ কার্ডের আবেদনে অতিরিক্ত টাকা নেয়ার প্রতিবাদ করায় যুবককে ছুরিকাঘাতে হত্যা

আপডেট : ০৩ জুলাই ২০২৫, ০২:৩৮ এএম

কুষ্টিয়ার দৌলতপুরে ভিজিএফের কার্ডের জন্য অনলাইনে আবেদনের সময় অতিরিক্ত টাকা নেওয়ার প্রতিবাদ করায় টাকা আদায়কারী চক্রের ছুরিকাঘাতে আব্দুল আজিজ নামে এক যুবক নিহত হয়েছেন।

বুধবার (২ জুলাই) রাত সাড়ে ৯টার দিকে উপজেলার মথুরাপুর বাসস্ট্যান্ড বাজারে এ ঘটনায় ঘটে। নিহত আব্দুল আজিজ দুর্গাতলা এলাকার বাসিন্দা খিলাফত আলীর ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়,  দুস্থদের জন্য সরকারি সহায়তা ভিজিএফে কর্মসূচীর আওতায় চলমান অনলাইন আবেদন প্রক্রিয়ায় স্থানীয় রাজনৈতিক প্রভাবশালীদের মদদে প্রতিটি আবেদনে জন্য ৪০০ টাকা করে আদায় করা হচ্ছিলো। এই টাকা আদায়ের কাজে ক্যাডার হিসেবে কাজ করছিলো স্থানীয় মথুরাপুর কলেজপাড়া এলাকার রফিকুল ইসলামের ছেলে পলাশ (২৮)। এই টাকা আদায়ের ঘটনাকে কেন্দ্র করে স্থানীয় বাসিন্দা বিজয় ও তার বন্ধু আজিজের সাথে পলাশের বাক বিতণ্ডা হয়। একপর্যায়ে পলাশ ধারালো অস্ত্র নিয়ে বিজয় ও আজিজের উপর হামলা চালায়। পলাশ ছুরি দিয়ে আজিজের পেটে আঘাত করলে তিনি গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।

বিষয়টি নিশ্চিত করে দৌলতপুর থানার ওসি মো. নাজমুল হুদা বলেন, ‘হত্যাকাণ্ডে জড়িতদের গ্রেপ্তার করে আদালতে সৌপর্দ করা হবে। এ ঘটনায় মামলা দায়েরের বিষয়টি প্রক্রিয়াধীন।’

×
সর্বশেষ সর্বাধিক পঠিত