ঢাকার দোহারে নয়াবাড়ি ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি ও বর্তমান আহ্বায়ক কমিটির উপদেষ্টা হারুন-অর-রশীদ মাস্টারকে ‘ফিল্মি স্টাইলে’ গুলি করে ও কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। গতকাল বুধবার সকাল সোয়া ৬টার দিকে বাহ্রাঘাট জাবেদের মোড় এলাকায় এ ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, প্রতিদিনের মতো ফজরের নামাজ শেষে পদ্মা নদীর তীর দিয়ে হাঁটছিলেন বাহ্রা হাবিল উদ্দিন উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক হারুন-অর-রশীদ। হঠাৎ দুটি মোটরসাইকেলে চারজন যুবক তাকে এলোপাতাড়ি কুপিয়ে ও চার রাউন্ড গুলি করে পালিয়ে যায়। স্থানীয়রা তাকে দ্রুত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক ডা. নুসরাত তারিন (তন্নি) মৃত ঘোষণা করেন।
ডা. নুসরাত তারিন জানান, হারুন মাস্টারের মাথায় একটি গুলি ভেদ করে গাল দিয়ে বের হয়েছে। তার শরীরে চারটি গুলির চিহ্ন এবং পাঁচ থেকে ছয়টি ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন পাওয়া গেছে।
হত্যার খবর ছড়িয়ে পড়লে হারুন মাস্টারের সহকর্মী, রাজনৈতিক নেতারা ও স্থানীয়রা জয়পাড়ার হাসপাতালে ছুটে আসেন। বিএনপির নেতাকর্মীরা জড়িতদের গ্রেপ্তারের দাবিতে বিক্ষোভ মিছিল করেন। মিছিলটি হাসপাতাল ক্যাম্পাস থেকে শুরু হয়ে জয়পাড়ার গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে।
