ইন্দোনেশিয়ার জনপ্রিয় পর্যটন দ্বীপ বালির কাছে যাত্রীবাহী একটি ফেরি ডুবে যাওয়ার ঘটনায় অন্তত ৪৩ জন নিখোঁজ রয়েছেন। ফেরিটিতে মোট ৬৫ জন যাত্রী ও কর্মী ছিলেন বলে নিশ্চিত করেছে দেশটির জাতীয় উদ্ধার সংস্থা। নিখোঁজদের সন্ধানে রাতভর উদ্ধার অভিযান চালানো হয়েছে উত্তাল সমুদ্রে।
আজ বৃহস্পতিবার এক প্রতিবেদনে আল জাজিরা জানায়, গতকাল বুধবার রাতে ইন্দোনেশিয়ার পূর্ব জাভার কেটাপাং বন্দর থেকে যাত্রা করার প্রায় আধা ঘণ্টা পরেই ফেরিটি ডুবে যায়। ফেরিটির গন্তব্য ছিল বালির গিলিমানুক বন্দর, যা প্রায় ৫০ কিলোমিটার দূরে অবস্থিত। ডুবে যাওয়া ফেরিটির নাম ‘কেএমপি তুনু প্রত্যমা জয়া’।
উদ্ধারকাজে নিয়োজিত কর্মকর্তারা জানান, ফেরিটিতে ৫৩ জন যাত্রী, ১২ জন কর্মী এবং ২২টি যানবাহন ছিল, যার মধ্যে অধিকাংশই ট্রাক। এখন পর্যন্ত দুইজনের মরদেহ উদ্ধার করা হয়েছে এবং ২০ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে। জীবিতদের অনেকেই ঢেউয়ের সঙ্গে দীর্ঘ সময় লড়াই করার পর অচেতন অবস্থায় পাওয়া গেছে।
উদ্ধার অভিযান চালাচ্ছে ৯টি নৌযান, যার মধ্যে রয়েছে দুটি টাগ বোট ও দুটি রাবার বোট। বানিউওয়াঙ্গির পুলিশ প্রধান রামা সম্তামা পুত্র জানান, উদ্ধারকাজের সময় সমুদ্রের ঢেউয়ের উচ্চতা ছিল প্রায় দুই মিটার বা ছয় দশমিক পাঁচ ফুট, যা কাজটি আরও কঠিন করে তোলে।
উল্লেখ্য, ইন্দোনেশিয়া ১৭ হাজারের বেশি দ্বীপ নিয়ে গঠিত একটি বিশাল দ্বীপ রাষ্ট্র। এখানকার ভৌগোলিক বৈশিষ্ট্যের কারণে ফেরি চলাচলই এক অঞ্চল থেকে আরেক অঞ্চলে যাতায়াতের অন্যতম প্রধান মাধ্যম। তবে দুর্বল নিরাপত্তাব্যবস্থার কারণে প্রায়ই এখানে নৌ দুর্ঘটনা ঘটে থাকে।
রাশিয়াকে নতুন করে ৩০ হাজার সেনা দিচ্ছে উত্তর কোরিয়া