২০২৪ সালের ভয়াবহ বন্যার ক্ষতি কাটিয়ে উঠতে ফেনীতে বেসরকারি উদ্যোগে গড়ে ওঠা প্ল্যাটফর্ম ‘ঘুরে দাঁড়াবে ফেনী’ গত ১০ মাস ধরে ঘর নির্মাণ ও মেরামতসহ বিভিন্ন সহায়তায় প্রায় ৬০ লাখ টাকা ব্যয়ে কার্যক্রম চালিয়েছে। এই কর্মসূচির আনুষ্ঠানিক সমাপ্তি ঘোষণা করা হয় গতকাল বুধবার বিকেলে ফেনী শহরের এক রেস্তোরাঁয় সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায়।
প্রধান সমন্বয়ক আসাদুজ্জামান দারা জানান, গত বছরের বন্যায় ফেনীর প্রায় সব উপজেলায় ঘরবাড়ি ও ব্যবসাপ্রতিষ্ঠান বিধ্বস্ত হয়, সৃষ্টি হয় মানবিক সংকট। এই দুর্যোগের পর বেসরকারিভাবে গড়ে ওঠে ‘ঘুরে দাঁড়াবে ফেনী’ নামের সম্মিলিত প্ল্যাটফর্মটি। এরপর থেকে সংগঠনটি ২০টি নতুন ঘর নির্মাণ করে দিয়েছে, মেরামত করেছে ২৫টি ঘর ও ২টি মাদরাসা ভবন। পাশাপাশি, ঘর সংস্কারের জন্য ২৫টি পরিবারকে দুই বান করে টিন ও প্রত্যেককে ২০ হাজার টাকা করে নগদ অর্থ দেওয়া হয়েছে।
এছাড়াও ক্ষুদ্র ব্যবসা শুরুর পুঁজি হিসেবে ১০ জনকে সহায়তা এবং ২০ জন অসুস্থ মানুষকে চিকিৎসা অনুদান দেওয়া হয়েছে বলে জানান আসাদুজ্জামান দারা। তিনি বলেন, সংগঠনের নিজস্ব তহবিল ছাড়াও নানা সামাজিক ও প্রবাসী সংগঠনের সহায়তায় এই কার্যক্রম বাস্তবায়ন করা সম্ভব হয়েছে।
সহায়তাকারী সংগঠনগুলোর মধ্যে উল্লেখযোগ্য হলো— ফ্রান্স প্রবাসী বাংলাদেশ কমিউনিটি, লায়ন্স পরিবার, নরসিংদী জেলা কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক ফোরাম, ফেনী স্বেচ্ছাসেবী উদ্যোগ, মাহবুব উল হক পেয়ারা ফাউন্ডেশন, প্রোক্লিন, আইভিশন ফেনী, ফেনী ডেভেলপমেন্ট কমিউনিটি, ফ্রেন্ডশিপ ফাউন্ডেশন, রোটারি পরিবার, ক্লিনসিটি সিলেট, সুরভি ফাউন্ডেশন ঢাকা, শুভ সংঘ, রেট ব্রিজ বেঙ্গলি ওয়েলফেয়ার সোসাইটি ইউকে, সোনালি জুয়েলার্স ফেনী, রয়েল স্পোর্টস একাডেমি ইউকে ও ঢাকা বিশ্ববিদ্যালয় আইবিএ’র ছাত্র সংগঠন ঝিলমিল।
কর্মসূচির অন্যতম সমন্বয়ক শরিফুল ইসলাম অপু পুরো প্রকল্পের কার্যক্রম তুলে ধরেন। ১০ মাসের এই দীর্ঘ মানবিক তৎপরতাকে সাংবাদিকরা একটি ব্যতিক্রমী উদাহরণ হিসেবে আখ্যা দেন। তারা বলেন, ঘুরে ঘুরে সরেজমিন কাজ করে যে পরিমাণ স্বচ্ছতা ও জবাবদিহিতার দৃষ্টান্ত স্থাপন করা হয়েছে, তা নিঃসন্দেহে অনুকরণীয়।
আসাদুজ্জামান দারা, ইমন উল হক, রিয়াজ উদ্দিন রবিন, শরিফুল ইসলাম অপুসহ সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান উপকারভোগীরা। উপস্থিত স্থানীয়রা আশা প্রকাশ করেন, ভবিষ্যতেও যেকোনো দুর্যোগে এ ধরনের প্ল্যাটফর্ম মানবতার পাশে থাকবে।
সাংবাদিকদের মধ্যে মতামত দেন শাহজালাল ভুইয়া, আরিফুর রহমান, সফিউল্লাহ রিপন, কপিল মাহমুদ ও এম এ আকাশ। ঘর পাওয়া পরিবারগুলোর পক্ষে বক্তব্য রাখেন ছাগলনাইয়ার লাংগল মোড়া গ্রামের জাহিদ হাসান।
‘ঘুরে দাঁড়াবে ফেনী’র সমন্বয়ক নাসির উদ্দিন সাইমুম ও জালাল উদ্দিন বাবলু বক্তব্য রাখেন অনুষ্ঠানে। এছাড়াও উপস্থিত ছিলেন মহিবুল হক রাসেল, হারুন উর রশিদ, শান্তি চৌধুরী, মুহাম্মদ আবু তাহের ভুইয়া, ইমন উল হক, রিয়াজ উদ্দিন রবিন, কামরুল হাসান রানা, ওসমান গনি রাসেল ও মোহাইমিন তাজিম।
অবশেষে ওসি জায়েদ নূর প্রত্যাহার