জাতীয় মুক্তিযোদ্ধা পরিষদের কেন্দ্রীয় কমিটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা ইঞ্জিনিয়ার মোসলেম উদ্দিন বলেছেন, আওয়ামী লীগের একটি মেশিন ছিল যেখানে তারা মুক্তিযোদ্ধাদের রাজাকার বানাতেন আবার রাজাকারদের মুক্তিযোদ্ধা বানাতেন।
বৃহস্পতিবার (৩ জুলাই) গাইবান্ধা জেলা মুক্তিযোদ্ধা পরিষদ আয়োজিত জাতীয় মুক্তিযোদ্ধা পরিষদের জেলা কাউন্সিলের এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।
এসময় তিনি আরও বলেন, যারা ১৬ বছর ভারতের কথায় দেশ চালাতেন, তারা ভারতীয় রাজাকার। মুক্তিযোদ্ধারা এদেশের শ্রেষ্ঠ সম্পদ। যতদিন বাংলাদেশ নামের রাষ্ট্র থাকবে ততদিন মুক্তিযোদ্ধাদের এ জাতি স্বরণ করবে।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জাতীয় মুক্তিযোদ্ধা পরিষদ গাইবান্ধা জেলা শাখার সভাপতি বীরমুক্তিযোদ্ধা নুরুল আমীন সরদার।
বক্তব্য দেন পরিষদের জেলা প্রধান উপদেষ্টা সাবেক উপজেলা চেয়ারম্যান মো. আব্দুল করিম সরকার, কেন্দ্রীয়সহ সভাপতি ও রংপুর অঞ্চল সভাপতি বীর মুক্তিযোদ্ধা আব্দুল ওয়ারেছ, জেলা উপদেষ্টা অধ্যাপক মাজেদুর রহমান, বীর মুক্তিযোদ্ধা এমএ সবুর, আব্দুল জলিল তোতা, আব্দুল লতিফ মন্ডল প্রমুখ।
অনুষ্ঠানে জেলার শতাধিক বীরমুক্তিযোদ্ধা অংশ নেন। পরে নুরুল আমীন সরদারকে সভাপতি ও আব্দুস সবুর সরকারকে সেক্রেটারি করে জাতীয় ২৫ সদস্য বিশিষ্ট গাইবান্ধা জেলা কমিটি ঘোষণা করা হয়।
