সিরাজগঞ্জে দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ, নিহত ২

আপডেট : ০৩ জুলাই ২০২৫, ১০:০৬ পিএম

সিরাজগঞ্জের কাজিপুরে দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে ২ জন নিহত ও একজন আহত হয়েছেন। বৃহস্পতিবার (৩ জুলাই) বিকালে উপজেলার বরইতলী বাসস্ট্যান্ড এলাকায় সিরাজগঞ্জ-কাজিপুর রোডে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- উপজেলার আলমপুর পূর্বপাড়া এলাকার আব্দুস সালামের ছেলে ও সরকারি মনসুর আলী কলেজের শিক্ষার্থী শাহরিয়ার আহমেদ জীবন (২০) এবং একই উপজেলার মেঘাই গ্রামের মৃত মোকতার হোসেন ভেন্ডারের ছেলে সোহেল রানা (৪০)। এ ঘটনায় আহত রেজাউল করিম (৪৫) আলমপুর এলাকার বাসিন্দা।

কাজিপুর থানার ওসি নুরে আলম জানান, এদিন বিকালে কলেজছাত্র জীবন বাড়ি থেকে মোটরসাইকেল নিয়ে বরইতলী বাসস্ট্যান্ড বাজার এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা অপর মোটরসাইকেলের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই জীবন মারা যান। অপরদিকে সোহেল রানাকে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাত ৮টার দিকে তার মৃত্যু হয়।

ওসি জানান, এ ঘটনায় পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় নিহত জীবনের লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। অপরদিকে সোহেল রানার লাশ এখনো হাসপাতাল থেকে এসে পৌঁছায়নি। সোহেলের পরিবারের সঙ্গে কথা বলে সে অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত