বগুড়ায় সেনাবাহিনীর অভিযানে অপহৃত ৩ ছাত্র উদ্ধার

আপডেট : ০৪ জুলাই ২০২৫, ০৪:৫৯ পিএম

বগুড়ায় সেনাবাহিনীর অভিযানে অপহৃত ৩ ছাত্রকে উদ্ধার করা হয়েছে। অভিযানে দেশীয় ধারালো অস্ত্রসহ কিশোর গ্যাংয়ের ৪ জনকে গ্রেপ্তার করেছে। বৃহস্পতিবার দিবাগত রাতে বগুড়া শহরের মালতীনগর এলাকায় এ অভিযান চালানো হয়।

আজ শুক্রবার দুপুর ১টায় বগুড়া সদর সেনা ক্যাম্পে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে ক্যাপ্টেন সাজ্জাদ রায়হান আকাশ বিষয়টি নিশ্চিত করেছেন।

গ্রেপ্তারকৃতরা হলেন মালতীনগর এলাকার আবির হোসেন বিদ্যুৎ (২৭), ওয়াজ মন্ডল (৩৬), মাসুম আলম নাইম (২৭), মেহেদর হাসান (২৩)। অভিযানে গ্রেপ্তারকৃতদের কাছ থেকে ৭টি বিভিন্ন প্রকার দেশীয় অস্ত্র, ১৩টি সিম কার্ড, ৩টি ফাঁকা স্ট্যাম্প পেপার, ২৭ লক্ষ ৫০ হাজার টাকার একটি চেক, ১টি কম্পিউটার সেট, বিভিন্ন ব্র্যান্ডের মদের বোতল, গাঁজা ও ইয়াবা সেবনের সরঞ্জাম উদ্ধার করে।

বগুড়া সদর সেনা ক্যাম্পে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে ক্যাপ্টেন সাজ্জাদ রায়হান আকাশ জানান, শহরের মালতিনগর এলাকায় কিশোর গ্যাং সদস্যদের দ্বারা ৩ জন ছাত্র অপহরণের ঘটনা ঘটে। অপহরণের পর তাদের পরিবারের নিকট মুক্তিপণ দাবি করা হয়। খবর পেয়ে ১টি সেনা টহল দল মালতিনগর এলাকায় তাৎক্ষণিক অভিযান পরিচালনা করে। অভিযানে অপহৃত ৩ জন ছাত্রকে জীবিত ও সুস্থ অবস্থায় উদ্ধার করা হয়। নিরাপত্তার স্বার্থে ওই তিন ছাত্রের পরিচয় গোপন রাখা হয়েছে। এ সময় দেশিয় অস্ত্রসহ ৪ জনকে গ্রেপ্তার করা হয়।

তিনি আরও জানান, সেনাবাহিনীর এই তাৎক্ষণিক অভিযানে অপহরণ পরিস্থিতির সফল অবসান ঘটে। গ্রেপ্তারকৃতদের বগুড়া সদর থানায় হস্তান্তর করা হয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত