বিয়ের চাপ দেওয়ায় নিজের গোপনাঙ্গ কেটে ফেললেন যুবক!

আপডেট : ০৫ জুলাই ২০২৫, ০৫:৩০ পিএম

পাবনার বেড়ায় পরিবার থেকে বিয়ের জন্য চাপ দেওয়ায় রাগে-ক্ষোভে নিজের গোপনাঙ্গ ও অণ্ডকোষ কেটে ফেলেছেন এক যুবক। নাজমুল (২২) নামের ওই যুবক এখন গুরুতর আহতাবস্থায় পাবনা জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন আছেন। গত বুধবার উপজেলার কৈটলা ইউনিয়নে এ ঘটনা ঘটে। 

পরিবার ও প্রতিবেশীরা জানান, নাজমুল একজন এস্কেভেটর চালক। তার তিন বোনের মধ্যে বড় বোনের বিয়ে হয়েছে। তার ছোট আরও দুটি বোন অবিবাহিত। পরিবার থেকে প্রায়ই নাজমুলকে বিয়ের কথা বলা হলে সে রাজি হত না। ঘটনার দিন দুপুরে তার পরিবার থেকে বিয়ের জন্য চাপ দেয়া হলে কথা কাটাকাটি হয়। একপর্যায়ে নাজমুল বাজার থেকে ব্লেড এনে বাথরুমে গিয়ে নিজেই নিজের গোপনাঙ্গ ও অণ্ডকোষ কর্তন করেন। 

কিছুক্ষণ পর তাকে উদ্ধার করে প্রথমে বেড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও অবস্থার অবনতি হলে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। তবে সময়ক্ষেপণের কারণে বিচ্ছিন্ন অণ্ডকোষ জোড়া লাগানো সম্ভব হয়নি। পরে নাজমুলকে পাবনা জেনারেল হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে।

কৈটলা ইউনিয়নের ৯ নং ইউপি সদস্য মো. রফিক জানান, ঘটনার পর চিকিৎসার জন্য ঢাকায় নিয়ে গেলে পুলিশ কেস হওয়ায় হাসপাতালে তাকে তাৎক্ষণিক ভর্তি করা সম্ভব হয়নি। পরে ভর্তি করা গেলেও ছয় ঘণ্টা পেরিয়ে যাওয়ায় তার বিশেষ অঙ্গ জোড়া লাগানো সম্ভব হয়নি। নাজমুল এখন পাবনা সদর হাসপাতালে ভর্তি আছে।

নাজমুলের বাবা জানান, যুবক ছেলেকে সবাই বিয়ের কথা বলবে এটাই স্বাভাবিক। ওর নানা ও দুলাভাই মাঝে মধ্যে বিয়ের কথা বলত। তবে ঘটনার দিন আমি বাড়ি ছিলাম না। আমার ছেলে মানসিকভাবে অসুস্থ ছিল। চিকিৎসা করানোর পর সে অনেকটা সুস্থই ছিল। কিন্তু কি কারণে এমন কাজ করল আমরা বুঝতে পারছি না।

পাবনা জেনারেল হাসপাতালের আবাসিক চিকিৎসক ডা. জাহিদুল ইসলাম বলেন, নাজমুলের অস্ত্রপচার ঢাকা মেডিকেল কলেজেই সম্পন্ন হয়েছে। এখন সে আশংকামুক্ত। আমরা তাকে প্রয়োজনীয় চিকিৎসা দিয়ে পর্যবেক্ষণে রেখেছি।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত