জামায়াতে ইসলামী ঢাকা মহানগর দক্ষিণের সহকারী সেক্রেটারি ও জামায়াত মনোনীত ঠাকুরগাঁও-১ আসনে সংসদ সদস্য পদপ্রার্থী দেলাওয়ার হোসেন বলেছেন, আসন্ন নির্বাচনের অংশ হিসেবে আমরা আপনাদের কাছে এসেছি। কিন্তু নির্বাচনের প্রস্তুতি নেওয়ার পাশাপাশি আমরা বলেছি এই নির্বাচনটি গ্রহণযোগ্য করার জন্য, নিরপেক্ষ করার জন্য যে পরিবেশ দরকার, সেই পরিবেশ নিশ্চিত না করা পর্যন্ত বাংলাদেশে নির্বাচন হবে না। এটা আপামর জনতা চায়। কিন্তু বিএনপি শুধু নির্বাচন নির্বাচন তসবী জপছে।
শনিবার (৫ জুলাই) দুপুরে ঠাকুরগাঁও সদর উপজেলার ২৯ মাইল নতুনপাড়া এলাকায় এক পথসভায় তিনি এসব কথা বলেন।
তিনি আরও বলেন, বিএনপি যদি নির্বাচনের পাশাপাশি সংস্কার নিয়ে বেশি কথা বলত, যদি বিচার ও সংস্কার ছাড়া নির্বাচন না চাইত, যদি তারা চাইতো একটি রাজনৈতিক বন্দোবস্ত তৈরি হোক, জুলাই সনদ তৈরি হোক। এই ধরনের দাবি নিয়ে নিয়ে যদি তারা মাঠে থাকত, আন্দোলন করত, তাহলে মানুষের গ্রহণযোগ্যতা তারা পেত। এসব কথা তারা বলে না। বলে শুধু নির্বাচন দিতে হবে।
এ সময় জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি অধ্যক্ষ কফিল উদ্দিন আহাম্মদ, সদর উপজেলা আমীর মাওলানা মিজানুর রহমান, স্থানীয় জামায়াত নেতা আব্দুর রশিদ, আব্দুল হালিমসহ বিভিন্ন স্তরের নেতাকর্মী ও সমর্থকগণ পথসভায় উপস্থিত ছিলেন।
