শান্তর ১২ বছরের পুরনো রেকর্ড ভাঙলেন বৈভব সূর্যবংশী

আপডেট : ০৫ জুলাই ২০২৫, ০৭:২৪ পিএম

মাত্র ১৪ বছর বয়সেই যেন বিশ্ব ক্রিকেটের মঞ্চে আগুন ঝরাচ্ছেন ভারতের বৈভব সূর্যবংশী। ইংল্যান্ডের বিপক্ষে যুব ওয়ানডে সিরিজে একের পর এক বিধ্বংসী ইনিংস খেলে এবার ভেঙে দিলেন একাধিক রেকর্ড। শনিবার সিরিজের চতুর্থ ম্যাচে মাত্র ৫২ বলে সেঞ্চুরি করে জায়গা করে নিলেন ইতিহাসের পাতায়।

এটাই যুব ওয়ানডে ইতিহাসে সবচেয়ে দ্রুত সেঞ্চুরির রেকর্ড। এতদিন এই রেকর্ড ছিল পাকিস্তানের কামরান গুলামের দখলে, যিনি ২০১৩ সালে লেস্টারে ইংল্যান্ডের বিপক্ষে করেছিলেন ৫৩ বলে শতক। সেই রেকর্ড এবার এক বল আগেই ভেঙে দিলেন বাঁহাতি এই বিস্ময় কিশোর।

শুধু তাই নয়, বয়সের দিক থেকেও রেকর্ড গড়েছেন সূর্যবংশী। ১৪ বছর ১০০ দিন বয়সে শতক করে হয়ে গেলেন যুব ওয়ানডের ইতিহাসে সবচেয়ে কনিষ্ঠ সেঞ্চুরিয়ান। এতদিন এই কীর্তি ছিল বাংলাদেশের নাজমুল হোসেন শান্তর দখলে, যিনি ২০১৩ সালে শ্রীলঙ্কার বিপক্ষে করেছিলেন শতক ১৪ বছর ২৪১ দিন বয়সে।

এদিন ইংল্যান্ডের বিপক্ষে টর্নেডো ইনিংসে ৭৮ বলে ১৪৩ রান করেন সূর্যবংশী। মারেন ১৩টি চার ও ১০টি ছক্কা—যা আবার একটি নতুন রেকর্ডও গড়ে দেয় তার নামের পাশে। এর আগে আগের ম্যাচেই ভারতের হয়ে যুব ওয়ানডেতে এক ইনিংসে সবচেয়ে বেশি ছক্কার রেকর্ড করেছিলেন (৯টি)। এবার সেই রেকর্ডও নিজেই ভাঙলেন এই বিস্ফোরক ব্যাটার।

চার ম্যাচে তার রান ৩২২, ব্যাটিং গড় ৮০.৫০ এবং স্ট্রাইক রেট ১৯৮.৭৬। চার ও ছক্কা—দুটিই সমান ২৭টি করে। এই বয়সেই এমন ব্যাটিং দাপট নজর কেড়েছে ক্রিকেটবিশ্বের।

আগের ম্যাচে মাত্র ২০ বলে ফিফটি করে ভারতের যুব দলে দ্বিতীয় দ্রুততম অর্ধশতকের মালিক হয়েছিলেন তিনি। আর এবার শতকে পৌঁছে দিলেন জবাব—এই প্রতিভা আর শুধু ভারতেই সীমাবদ্ধ নয়, বিশ্ব ক্রিকেটের আগামী দিনের অন্যতম বড় তারকা হওয়ার দাবি রাখে সূর্যবংশী।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত