আ.লীগ পুনর্বাসনের চেষ্টা করলে দেশ ছাড়া করা হবে

আপডেট : ০৬ জুলাই ২০২৫, ০৮:০৫ এএম

‘জুলাই ঘোষণাপত্র বিরোধিতাকারীরা আওয়ামী লীগের পাহারাদার’ বলে মন্তব্য করেছেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম।  গতকাল শনিবার দুপুর দেড়টায় বগুড়া শহরের সাতমাথায় মুক্ত মঞ্চে বিচার, সংস্কার ও নতুন সংবিধানের দাবিতে দেশ গড়তে জুলাই পদযাত্রার পথসভায় তিনি বক্তব্য রাখেন।

পথসভায় বক্তব্যে নাহিদ ইসলাম বলেন, ‘নতুন বাংলাদেশে নতুন সংবিধান

থাকবে। সেই সংবিধানে জুলাই ঘোষণাপত্র যুক্ত হবে। জুলাই আমাদের রাজনৈতিক ইশতেহার, জুলাই আমাদের গন্তব্য। ৫৪ বছর আগের মুজিববাদের সংবিধান দিয়ে নতুন বাংলাদেশ চলতে পারে না। যারা জুলাই ঘোষণাপত্রের বিরোধিতা করে তারা আওয়ামী লীগের পাহারাদার। আওয়ামী লীগ এ দেশের কোনো পার্টি ছিলনা। আওয়ামী লীগ ছিল ভারতের পার্টি। যে আওয়ামী লীগকে পুনর্বাসনের চেষ্টা করবে, তাকেই এ দেশ থেকে বিতাড়িত করা হবে।’

বগুড়ায় জুলাই আন্দোলনে ১৫-এর অধিক শহীদ হয়েছে জানিয়ে নব্য দল এনসিপি প্রধান বলেন, ‘বৈষম্যহীন বাংলাদেশে কোনো বৈষম্য আর হবে না। সারা দেশে সুষম বণ্টন করতে হবে। শুধু জিয়াউর রহমানের জন্ম বগুড়ায়, তাই বগুড়াকে অবহেলিত করে রাখা হয়েছে। এই বগুড়ার ইতিহাস অনেক, এই মহাস্থানগড় থেকে পু-্র সভ্যতার শুরু হয়েছিল। কিন্তু এই এলাকা দেখলে কেউ বলবে না, এখানে এক সময় সভ্যতার সূতিকাগার ছিল। আমরা বগুড়ার সেই হারানো ঐতিহ্য ফিরিয়ে আনতে চাই। বগুড়া সিটি করপোরেশন হওয়ার সব আছে, কিন্তু হয়নি। বগুড়াবাসীর সব নাগরিক সুবিধা নিশ্চিত করতে বগুড়াবাসীর সঙ্গে এক হয়ে এনসিপি লড়াই করবে। আমরা জেনেছি, বগুড়ার প্রশাসন নিরপেক্ষ আচরণ করছে না। ২৪-এর আন্দোলন হয়েছিল নিরপেক্ষতার জন্য। যদি কোনো প্রশাসন পক্ষপাতিত্ব করে তবে তার পরিণতি ফ্যাসিস্ট মুজিববাদীর মতো হবে। যারা এদেশের ডিসি ছিল, ভোট ডাকাতি করেছিল, নির্বাচন কমিশনারদের তাদের পরিণতি কি হয়েছে। সবাই তা দেখছে।’

নাহিদ ইসলাম আরও বলেন, ‘আমরা পুরনো খেলায় নতুন প্লেয়ার হতে আসিনি। আমরা খেলার নিয়ম বদলিয়ে দিতে এসেছি। রাজনীতির খেলায় নিয়ম বদলাতে হবে। এদেশের মানুষকে এগিয়ে আসতে হবে, যুবসমাজ এগিয়ে আসতে হবে। বাংলাদেশের হাল ধরার জন্য, বগুড়ার হাল ধরার জন্য। জুলাই গণঅভ্যুত্থানে বগুড়ার যারা শহীদ হয়েছে তাদের পাশে দাঁড়ান, যারা আহত হয়েছে তাদের  সঠিক চিকিৎসা হচ্ছে না, তাদের চিকিৎসার ব্যবস্থা করুন। এই জুলাই পদযাত্রা জেলা থেকে জেলায়, গ্রাম থেকে গ্রামান্তরে ছড়িয়ে যাচ্ছে। আপনাদের সামনে নতুন বিকল্প এসেছে। যে বিকল্পের জন্য গত ৫৪ বছর আপনারা অপেক্ষা করেছেন। কারও ইশারায় বাংলাদেশ চলবে না, বাংলাদেশ চলবে জনগণের ভোটে, জনগণের মাধ্যমে।’

বেলা সোয়া ১২টায় শহরের কলোনি পলিটেকনিক ইনস্টিটিউটের সামনে থেকে পদযাত্রা শুরু হয়। পদযাত্রা শেষে শহরের সাতমাথায় কেন্দ্রীয় মুখ্য সংগঠক ও বগুড়া জেলার প্রধান সমন্বয়কারী সাকিব মাহদীর পরিচালনায় পথসভায় নাহিদ এসব কথা বলেন। পথসভায় আরও বক্তব্য রাখেন এনসিপির সদস্য সচিব আখতার হোসেন, মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) সারজিস আলম, মুখ্য সংগঠক (দক্ষিণাঞ্চল) হাসনাত আব্দুল্লাহ, মুুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী, সিনিয়র যুগ্ম সদস্য সচিব সামান্তা শারমিন,  ডা. তাসনীম জারা, নাহিদা সারওয়ার নিভা। পথসভায় আরও উপস্থিত ছিলেন কেন্দ্রীয় নেতা অনিক রায়, সাইফ মুস্তাফিজ, মনিরা শারমিন, মাহিন সরকার, সাইফুল্লাহ হায়দার, আবু সাঈদ লিওন, খালেদ সাইফুল্লাহ,  লুৎফর রহমান,  নীলিমা দোলা, আরিফুর রহমান তুহিন, মুশফিক সালেহীন, বগুড়া জেলার যুগ্ম মুখ্য সংগঠক আব্দুল্লাহিত তাকিসহ আরও অনেকে।

এর আগে সকাল ১০টায় বগুড়া পর্যটন মোটেলে জুলাই গণঅভ্যুত্থানে বগুড়ার শহীদ ও আহতদের পরিবারের সঙ্গে কথা বলেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলামসহ কেন্দ্রীয় নেতৃবৃন্দ। এ সময় অভ্যুত্থানে আহত পরিবারের সদস্যদের সঙ্গে চিকিৎসার বিষয় আলাপ করেন ডা. তাসনিম জারা।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত