ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে নিখোঁজ হওয়ার একদিন পর মসজিদের দোতলা থেকে ময়না (৯) নামের এক শিশুর রক্তাক্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। গতকাল শনিবার নিখোঁজ হওয়ার পর আজ রবিবার সকালে শাহবাজপুর ইউনিয়নের ছন্দুমিয়া পাড়ার স্থানীয় একটি মসজিদের দোতলায় লাশটি পাওয়া যায়। নিহত ময়না ওই এলাকার বাসিন্দা আব্দুর রাজ্জাকের মেয়ে।
সরাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোরশেদুল আলম চৌধুরী জানান, শনিবার থেকে শিশুটি নিখোঁজ ছিল। আত্মীয়-স্বজন ও স্থানীয়রা বিভিন্ন জায়গায় খোঁজ করেও তার কোনো সন্ধান পাননি। আজ সকালে ওই মসজিদের মক্তবে পড়তে আসে শিক্ষার্থীরা। তখন তারা দোতলায় ময়নার নিথর দেহ দেখতে পায়।
তিনি আরও বলেন, ‘শিশুটির শরীরে একাধিক স্থানে জখমের চিহ্ন রয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, তাকে হত্যা করা হয়েছে।’
মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে বলে জানিয়েছেন ওসি। পাশাপাশি ঘটনাস্থল থেকে আলামত সংগ্রহ করে তদন্ত শুরু করেছে পুলিশ। অপরাধীদের শনাক্ত করে দ্রুত আইনের আওতায় আনার জন্য প্রক্রিয়া শুরু হয়েছে বলে জানান তিনি।’
বিচার ও সংস্কারের পর স্থানীয় নির্বাচনের দাবি জামায়াতের