বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডা. এজেডএম জাহিদ হোসেন বলেছেন, স্থানীয় নির্বাচনের জন্য আবু সাঈদ, মুগ্ধ বা ওয়াসিমরা রক্ত দেয়নি বা চৌধুরী আলম ও ইলিয়াস আলীরা হারিয়ে যায়নি। তাদের রক্ত দেশের মানুষের গণতন্ত্র ফেরত দেওয়ার জন্য। কাজেই সেই রক্তের প্রতি শ্রদ্ধাবোধ থাকতে হবে।
রবিবার বিকেল সাড়ে ৩টায় হাকিমপুর উপজেলা পরিষদের সভাকক্ষে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন ও নেতাকর্মীদের মাঝে চারাগাছ বিতরণ কালে তিনি এসব কথা হলেন।
ডা. এজেডএম জাহিদ হোসেন বলেন, আজ যারা জাতীয় নির্বাচনকে দূরে ঠেলে স্থানীয় নির্বাচনের কথা বলেন— তারা কি চান দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির আরও অবনতি হোক? গত চারটি মেয়াদে মানুষ ভোট দিতে পারে নাই। জনগণ তাদের অধিকার চায়, ভোটাধিকার চায়, গণতন্ত্র চায়। ১৭ বছরের সেই আন্দোলনের ফসল যার পরিমিত কাল ছিল ৫ আগস্ট।
তিনি বলেন, শহীদের এই জুলাই মাসে দাঁড়িয়ে থেকে অহেতুক অনৈক্য সৃষ্টি করবেন না। ঐক্যবদ্ধ জাতি বাংলাদেশকে ভবিষ্যতের দিকে এগিয়ে নিয়ে যাবে। তাই সকলকে ঐক্যবদ্ধ থেকে কাজ করার আহ্বান জানান তিনি।
পরে তিনি দলের ইউনিয়ন ও পৌর নেতৃবৃন্দের গাছের চারা তুলে দেন। এর পরে তিনি উপজেলা পরিষদ চত্বরে ৬টি গাছের চারা রোপণ করেন।
এগ্রিকালচারিস্ট অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (এ্যাব) দিনাজপুর এর সহযোগিতায় গাছ লাগান পরিবেশ বাঁচান পরিবেশের ভারসাম্য রক্ষায় বৃক্ষরোপণের বিকল্প নেই এমন স্লোগানে দিনাজপুর জেলার ৬ আসনের হাকিমপুর বিরামপুর নবাবগঞ্জ ও ঘোড়াগাঠ এই চারটি উপজেলায় এক লাখ ফলজ ও বনজ রোপণের লক্ষ্যে এই বৃক্ষরোপণ কর্মসূচি চলছে।
এ সময় সেখানে হাকিমপুর উপজেলা বিএনপির সভাপতি ফেরদৌস রহমানের সভাপতিত্বে উপস্থিত ছিলেন জেলা বিএনপির উপদেষ্টা আকরাম হোসেন, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সাখাওয়াত হোসেন, পৌর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি ফরিদ খান, সাধারন সম্পাদক নাজমুল হকসহ জেলা ও উপজেলা বিএনপির নেতা কর্মীরা উপস্থিত ছিলেন।
