নিউইয়র্ক থেকে সম্প্রচারিত বাংলা গণমাধ্যম ‘ঠিকানা’য় সম্প্রতি প্রচারিত হয়েছে নতুন টক শো ‘ফ্রাইডে নাইট উইথ জায়েদ খান’। গত শুক্রবার প্রথম পর্বে সঞ্চালক হিসেবে অভিষেক ঘটে ঢালিউড তারকা জায়েদ খানের, আর অতিথি ছিলেন ছোটপর্দার জনপ্রিয় মুখ তানজিন তিশা।
অনুষ্ঠানে ব্যক্তিজীবন ও পেশাগত অভিজ্ঞতা নিয়ে খোলামেলা কথা বলেন তিশা। একপর্যায়ে জায়েদ খানের প্রশ্নে উঠে আসে তার অতীতের এক তিক্ত অভিজ্ঞতা। জানতে চাওয়া হয়, কোনো সহকর্মীর আচরণে কখনও কষ্ট পেয়েছেন কি না। জবাবে তিশা জানান, এক সিনিয়র সহকর্মী পুরস্কার না পেলে অনুষ্ঠানে অংশ না নেওয়ার হুমকি দেন, আর সেই চাপের মুখে কর্তৃপক্ষ তার প্রাপ্য একটি অ্যাওয়ার্ড বাতিল করে দেয়।
তিশা বলেন, “এক সিনিয়র সহকর্মী বলেছিলেন, আমি যদি অ্যাওয়ার্ড পাই, তাহলে তিনি নেবেন না। এরপর তিনি কর্তৃপক্ষকে প্রভাবিত করে আমার অ্যাওয়ার্ডটা ক্যানসেল করিয়ে দেন। অনুষ্ঠানের দিন আমাকে ফোন করে জানানো হয়, ‘তুমি অ্যাওয়ার্ড পাচ্ছ না। পরে দেখি ওই দুইটা অ্যাওয়ার্ডই তিনি (সহকর্মী) নিয়ে গেছেন।”
এই বিষয়ে আগে কখনও মুখ না খুললেও এবার প্রথমবার শোতে এসে প্রকাশ করেন অভিনেত্রী। বলেন, “আমি যেকোনো সহকর্মীকে ভালোভাবে জানার চেষ্টা করি, ওপরে ওপরে বন্ধুত্ব করি না।”
তানজিন তিশার এ মন্তব্য শো সম্প্রচারের পরপরই সামাজিক মাধ্যমে আলোচনার জন্ম দিয়েছে। অনেকেই মন্তব্য করছেন, ইন্ডাস্ট্রির অভ্যন্তরীণ রাজনীতি সম্পর্কে এক ঝলক চিত্র উঠে এসেছে তার কথায়।
প্রসঙ্গত, ‘ফ্রাইডে নাইট উইথ জায়েদ খান’ শো’টি এখন থেকে প্রতি শুক্রবার প্রচারিত হবে। এতে তারকাদের জীবনের অজানা অধ্যায়, প্রবাসীদের সংগ্রাম ও সাফল্য, সামাজিক বাস্তবতা ও নতুন প্রজন্মের ভাবনার প্রতিফলন তুলে ধরা হবে।
ফেব্রুয়ারিতেই নির্বাচনের আয়োজন করবে অন্তর্বর্তী সরকার, আশা বিএনপির