টানা বর্ষণে নোয়াখালী পৌরসভার বিভিন্ন এলাকাজুড়ে জলাবদ্ধতা দেখা দিয়েছে। জেলা শহর মাইজদীর জেলা প্রশাসক সড়ক, শহীদ ভুলু স্টেডিয়াম, গণপূর্ত ভবন, মসজিদ মোড়, লক্ষ্মীনারায়নপুর, ফকিরপুর, হরিনারায়নপুর, হাউজিং এস্টেট ও কাদিরহানিফসহ একাধিক ওয়ার্ডে পানি জমে তৈরি হয়েছে তীব্র দুর্ভোগ।
শহরের অনেক দোকানে ইতোমধ্যে পানি ঢুকে পড়েছে। বেশকিছু বসতবাড়ির নিচতলাও তলিয়ে গেছে। এতে ক্ষতির পাশাপাশি এলাকাবাসীর মধ্যে ছড়িয়ে পড়েছে উদ্বেগ। অনেকে বলছেন, এভাবে লাগাতার বৃষ্টিপাত চলতে থাকলে গত বছরের মতো বন্যার পরিস্থিতি তৈরি হতে পারে।
স্থানীয়দের অভিযোগ, শুষ্ক মৌসুমে অপরিকল্পিত ড্রেনেজ ব্যবস্থা ও দখলদারদের উচ্ছেদে কর্তৃপক্ষের তেমন কোনো তৎপরতা চোখে পড়ে না। বরং বর্ষা নামলেই পানি উন্নয়ন বোর্ড ও পৌরসভার টনক নড়ে।
জেলা প্রশাসক খন্দকার ইসতিয়াক আহমদ বলেন, ‘বিভিন্ন এলাকায় খাল পুনরুদ্ধার করা হলেও সেগুলো আবারও দখলের কবলে পড়েছে। ফলে জলাবদ্ধতার সমস্যা থেকেই যাচ্ছে।’
তিনি আরও জানান, প্রশাসনের পক্ষ থেকে ড্রেন ও খাল উদ্ধারে অভিযান এবং পানি নিষ্কাশন কাজ চলমান রয়েছে।
দলের নাম ভাঙিয়ে কেউ অপকর্ম করলে ছাড় নেই: রিজভী