মুন্সীগঞ্জে অবৈধ বালু উত্তোলন, গ্রামবাসীর হামলা-ড্রেজার ভাঙচুর

আপডেট : ০৮ জুলাই ২০২৫, ০৬:৩৫ পিএম

মুন্সীগঞ্জের সিরাজদীখানে ধলেশ্বরী নদীতে অবৈধভাবে বালু উত্তোলনের অভিযোগে এলাকাবাসী ক্ষুব্ধ হয়ে হামলা চালিয়ে একটি ড্রেজার ভাঙচুর করেছেন। মঙ্গলবার (৮ জুলাই) দুপুর আড়াইটার দিকে রাজানগর ইউনিয়নের সৈয়দপুর কান্দা গ্রাম সংলগ্ন ধলেশ্বরী নদীতে এ ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, বেশ কয়েকদিন ধরে একটি প্রভাবশালী মহল ড্রেজার বসিয়ে ধলেশ্বরী নদী থেকে বালু উত্তোলন করে আসছিল। এতে আশপাশের গ্রামগুলোতে নদী ভাঙনের আশঙ্কা দেখা দেয়। এমনকি অদূরবর্তী সৈয়দপুর-সোনাকান্দা ব্রিজটিও ঝুঁকির মুখে পড়ে। 

এলাকাবাসীর অভিযোগ, এ বিষয়ে একাধিকবার উপজেলা প্রশাসনকে জানানো হলেও কোনো কার্যকর ব্যবস্থা নেওয়া হয়নি। ফলে বাধ্য হয়ে নদীর দু’পাড়ের বাসিন্দারা নিজেরাই ড্রেজারটি বন্ধ করে দেন এবং ভাঙচুর করেন।

এ বিষয়ে শেখরনগর তদন্ত কেন্দ্রের ইনচার্জ তাইজুল ইসলাম বলেন, ধলেশ্বরী নদীতে বালু উত্তোলনের ঘটনায় এলাকাবাসী ক্ষুব্ধ হয়ে ড্রেজারে হামলা চালায়। আমরা খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে যাই এবং স্থানীয়দের বলি বিষয়টি উপজেলা প্রশাসনকে জানাতে। পরে সবাই এলাকা ছেড়ে চলে যায়। বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে। 

এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শাহিনা আক্তার বলেন, ধলেশ্বরী নদীতে ড্রেজার বসিয়ে বালু উত্তোলনের খবর পেয়ে আমরা ঘটনাস্থলে যাই এবং এর আগেও পুলিশ পাঠানো হয়েছিল। তবে যেহেতু নদীর ওই অংশটি কেরানীগঞ্জ উপজেলার সীমানায় পড়ে, তাই আমরা সরাসরি ব্যবস্থা নিতে পারিনি। শুনেছি, ড্রেজার মালিকপক্ষ উচ্চ আদালত থেকে ছয় মাসের রিট নিয়েছে। আজ স্থানীয়রা নদীভাঙনের আশঙ্কায় ক্ষিপ্ত হয়ে ড্রেজারের কিছু অংশ সরিয়ে নিয়েছে বা ভাঙচুর করেছে বলে জেনেছি। পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে এনেছে। বিষয়টি আমরা গুরুত্বের সঙ্গে দেখছি।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত