চট্টগ্রামের কর্ণফুলী উপজেলার চরলক্ষ্যা ইউনিয়নের গোয়ালপাড়া এলাকায় রাস্তার ওপর পড়ে থাকা এক অজ্ঞাতপরিচয় যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (৯ জুলাই) দুপুরে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করা হয়।
কর্ণফুলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ শরীফ বলেন, স্থানীয় বাসিন্দারা সকালে রাস্তার মাঝখানে একজন যুবকের নিথর দেহ পড়ে থাকতে দেখে থানায় খবর দেন। পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠিয়েছে।
নিহত যুবকের বয়স আনুমানিক ২৮ থেকে ৩০ বছরের মধ্যে হতে পারে বলে জানিয়েছে পুলিশ। তবে তাঁর নাম-পরিচয় এখনো শনাক্ত করা যায়নি।
স্থানীয়দের ধারণা, ওই যুবক বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা গেছেন। ওসি শরীফ বলেন, ‘মরদেহে কোনো আঘাতের চিহ্ন নেই। মৃত্যুর কারণ নিশ্চিত হতে লাশের ময়নাতদন্ত করা হবে। পরিচয় শনাক্তে কাজ চলছে এবং আইনগত প্রক্রিয়াও চলমান।’
আড়াইহাজারে পুলিশ পরিচয়ে ডাকাতি