লোহাগড়ায় পুকুরে ডুবে মাদরাসাছাত্রীর মৃত্যু

আপডেট : ০৯ জুলাই ২০২৫, ০৩:১৮ পিএম

নড়াইলের লোহাগড়া উপজেলার বসুপটি গ্রামে পানিতে ডুবে প্রাণ হারিয়েছে প্রিয়া খানম (১৩) নামের এক মাদরাসা শিক্ষার্থী। 

আজ বুধবার দুপুর সাড়ে ১২টার দিকে নিজ গ্রামের একটি পুকুরে গোসল করতে গিয়ে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। প্রিয়া বসুপটি গ্রামের রবিউল ইসলামের মেয়ে এবং স্থানীয় একটি মাদরাসায় পড়াশোনা করত।

স্থানীয় বাসিন্দা হুমায়ুন কবীর জানান, বাড়ির পাশের পুকুরে খেলাধুলার পর গোসল করতে যায় প্রিয়া ও তার কয়েকজন প্রতিবেশী। গোসলের একপর্যায়ে সে পুকুরের গভীর অংশে চলে গেলে আর উঠে আসতে পারেনি, কারণ সে সাঁতার জানত না।

সাথে থাকা শিশু বন্ধুরা তাকে না দেখে খোঁজাখুঁজি শুরু করে। পরে প্রিয়ার পরিবারের সদস্যরাও ঘটনাস্থলে গিয়ে পুকুরে খুঁজতে থাকেন। অনেক খোঁজাখুঁজির পর তাকে উদ্ধার করে লোহাগড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে জরুরি বিভাগের চিকিৎসক প্রিয়াকে মৃত ঘোষণা করেন।

ঘটনার সত্যতা নিশ্চিত করে লোহাগড়া থানার ওসি শরিফুল ইসলাম জানান, প্রিয়ার পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকলে মরদেহ দাফনের অনুমতি দেওয়া হবে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত