সোনালী ব্যাংক পিএলসির বিদ্যমান খেলাপি ঋণ হ্রাস, ঋণ আদায় বৃদ্ধি ও ব্যাংকের আর্থিক ভিত্তি সুদৃঢ় করার লক্ষ্যে সকল খেলাপি ও অবলোপনকৃত ঋণ আদায়ে ব্যাংকের কর্মকর্তাদের অতিরিক্ত দায়িত্ব দেয়া হচ্ছে। ইতোমধ্যে ব্যাংকের ১২ হাজার ৯৬ জন বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাকে নিজ দায়িত্বের বাইরে রিলেশনশিপ অফিসার হিসেবে বাড়তি দায়িত্ব দেয়া হয়েছে।
One Officer, One CL Recovery Goal- Making Sonali Strong and Whole কার্যক্রমের আওতায় পর্যায়ক্রমে প্রধান কার্যালয়সহ সকল কার্যালয় ও শাখার নির্বাহী ও কর্মকর্তাদের রিলেশনশিপ অফিসার হিসেবে অতিরিক্ত দায়িত্ব দেয়া হবে।
বৃহস্পতিবার (২৬ নভেম্বর) ব্যাংকের প্রধান কার্যালয়ে আয়োজিত ডিসেম্বর মাসকে 'লোন হান্টিং মাস' ঘোষণা অনুষ্ঠানে এ তথ্য জানান চেয়ারম্যান মো. মাহবুবুর রহমান ও ম্যানেজিং ডিরেক্টর মো. শওকত আলী খান। রিলেশনশিপ অফিসার তার নিজ দায়িত্বের পাশাপাশি, সাপ্তাহিক ছুটির দিনে খেলাপি ঋণগ্রহীতা ও জামিনদাতার সাথে যোগাযোগ, সাক্ষাৎসহ ঋণ আদায়ের চেষ্টা এবং সার্বিক অগ্রগতি সংশ্লিষ্ট মনিটরিং টিমকে অবহিত করবেন।