আশুলিয়ায় ২৮৬ পরীক্ষার্থীর প্রবেশপত্রে ভুল, প্রতিবাদে বিক্ষোভ

আপডেট : ০৯ জুলাই ২০২৫, ০৮:৫২ পিএম

সাভারের আশুলিয়া স্কুল অ্যান্ড কলেজের ২৮৬ জন শিক্ষার্থীর এইচএসসি পরীক্ষার অ্যাডমিটে দায়িত্বরত শিক্ষকদের অবহেলার কারণে পরীক্ষা দেওয়া অনিশ্চিত হয়ে পড়েছে। প্রতিবাদে এ সকল শিক্ষার্থীরা বাইপাইল-আবদুল্লাহপুর সড়ক অবরোধ করে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন কর্মসূচি পালন করলেও কলেজ কর্তৃপক্ষ কোনও ব্যবস্থা গ্রহণ করেনি বলে বিক্ষুব্ধ শিক্ষার্থীদের অভিযোগ।

আজ বুধবার দুপুর ১১টা থেকেই আশুলিয়া স্কুল অ্যান্ড কলেজ প্রাঙ্গণে শিক্ষার্থীরা মানববন্ধন করে। এরপর বিক্ষোভ মিছিল নিয়ে বাইপাইল-আবদুল্লাহপুর সড়কে উঠে বিক্ষোভ করতে থাকে। এর আগে গতকাল (৮ জুলাই) কলেজ ক্যাম্পাসে বিক্ষোভ ও মানববন্ধন করে বিক্ষুব্দ শিক্ষার্থীরা।

বেলা ১১টার দিকে কলেজ ক্যাম্পাস থেকে বের হয়ে আশুলিয়া-সিএন্ডবি আঞ্চলিক সড়ক হয়ে বাইপাইল-আব্দুল্লাহপুর সড়ক অবরোধ করে বিক্ষুব্ধ শিক্ষার্থীরা। পরে সেখানে অবস্থান নিয়ে বিক্ষোভ করতে থাকে তারা। এ সময় শিক্ষার্থীরা নানা শ্লোগান দিতে থাকে।

বিক্ষুব্দ শিক্ষার্থীরা জানায়, আমাদের ক্লাসে যেসকল বিষয়ে পড়ানো হয়েছে সে সকল বিষয়ে কোনও অনুমোদন নেই এই কলেজের। যার কারণে অ্যাডমিট কার্ডে পরিসংখ্যান, সমাজকর্ম ও ভূগোল বিষয় আসে। যা আমাদের পড়ানো হয়নি। তাহলে আমরা পরীক্ষার খাতায় কি লিখব? আমাদের কলেজের কয়েকজন শিক্ষক-কর্মচারীর গাফিলতির কারণে আজকে আমাদের এ অবস্থা হলো। এরজন্য যারা দায়ী তাদের শাস্তি পেতে হবে। চাকরিচ্যুত করতে হবে।

এ সময় শিক্ষার্থীরা বেশ কিছু দাবি তুলে ধরে। দাবিগুলো হলো অ্যাডমিট কার্ড সংশোধনসহ পরীক্ষার নিশ্চয়তা ও লিখিত দিতে হবে। আগামীকাল (১০ জুলাই) থেকে আমাদের প্রতিষ্ঠানের সকল কার্যক্রম বন্ধ ঘোষণা এবং পরীক্ষা বর্জনে শিক্ষক/শিক্ষার্থীদের গণসাক্ষর ও গেট ব্লকেড এবং প্রবেশপত্রে ভুলের জন্য যেসকল শিক্ষক/কর্মচারী দায়ী তাদের চাকরিচ্যুত এবং দৃষ্টান্তমূলক শাস্তির আওতায় আনতে হবে।

এ ব্যাপারে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কোনো বক্তব্য পাওয়া যায়নি।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত