পরওয়ার বললেন

জামায়াতের শীর্ষ নেতাদের চীন সফর গুরুত্বপূর্ণ

আপডেট : ১০ জুলাই ২০২৫, ০৭:৪৪ এএম

চীন সরকারের আমন্ত্রণে উচ্চপর্যায়ের সফরে যাচ্ছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। দলটির আমির ডা. শফিকুর রহমানের নেতৃত্বে ৯ সদস্যের একটি প্রতিনিধিদল আগামীকাল শুক্রবার চীন সফরে যাচ্ছে। ১৫ জুলাই পর্যন্ত তারা চীন সফর করবেন। এ প্রসঙ্গে দলের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার বলেছেন, ‘জামায়াতের শীর্ষ নেতাদের চীন সফর খুবই গুরুত্বপূর্ণ। সফরে চীনের বিভিন্ন প্রতিষ্ঠান ও সংস্থার সঙ্গে আলোচনা হবে, যা ‘জামায়াত এবং বাংলাদেশের জন্য গুরুত্বপূর্ণ’।’

তিনি আরও বলেন, ‘দল হিসেবে এটি জামায়াত ইসলামীর দ্বিতীয় চীন সফর। চীনের সঙ্গে বাংলাদেশের কূটনৈতিক সম্পর্কের ৫০ বছর পূর্তিকে কেন্দ্র করে চীন সরকার জামায়াতের এই প্রতিনিধিদলকে আমন্ত্রণ জনিয়েছে।’

জামায়াত নেতাদের চীন সফরের আগে গত মঙ্গলবার রাতে ঢাকয় দেশটির দূতাবাসে জামায়াত নেতাদের সম্মানে একটি সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করে চীনা কর্র্তৃপক্ষ। সেখানে উপস্থিত থেকে বক্তব্য দেন বাংলাদেশে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন।

গতকাল বুধবার জামায়াতে ইসলামীর ভেরিফায়েড ফেসবুক পেজে সংবর্ধনার ছবি সংবলিত এক পোস্ট দেওয়া হয়। সংবর্ধনায় জামায়াতের আমির ছাড়াও অংশ নেন নায়েবে আমির ও সাবেক এমপি ডা. সৈয়দ আব্দুল্লাহ মো. তাহের, সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার, সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা এটিএম মা’ছুম, মাওলানা আবদুল হালিম, মাওলানা মুহাম্মাদ শাহজাহান ও অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত